সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সব খাল অবৈধ দখল, অনিয়মিত লিজ ও বন্দোবস্ত এবং অবৈধ বাঁধ ও নেট-পাটামুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন উপজেলা এডভোকেসি গ্রুপের সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরা জেলা সদরের রয়েল প্লাস কনভেনশন হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপের সদস্য সুমাইয়া কামাল।
লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন খাল অবৈধ দখল, অনিয়মিত লিজ, বাঁধ ও নেট-পাটার কারণে স্বাভাবিক পানিপ্রবাহ হারাচ্ছে। ফলে জলাবদ্ধতা, মিঠাপানির সংকট এবং কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে ছয়টি ইউনিয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষক, মৎস্যজীবী, নারীসহ সাধারণ মানুষ খালসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন।
সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী, ভুরুলিয়া, ঈশ্বরীপুর, আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন খালের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ এবং জনস্বার্থবিরোধী লিজ ও বন্দোবস্ত বাতিলের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, খাল রক্ষা হলে পানিসম্পদ, কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা সুরক্ষিত থাকবে। তাই শ্যামনগরের সব খাল পুনরুদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেসি গ্রুপের সদস্য সচিব পিযুশ বাউলিয়া পিন্টু, দেবব্রত ব্যানার্জি, শেখ বকুল হোসেন, মনিরুল ইসলাম, ইমরান হোসেন, নুর হোসেন, পুষ্পরানি মন্ডল, আব্দুল হাকিম, কেয়া পারভীন ও ইব্রাহিম খলিলসহ গ্রুপের অন্য সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









