অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে কোনো তদন্ত শুরু করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিংয়ের ঘটনায় নতুন তথ্য সামনে আসার পরও পুরোনো তদন্তের সিদ্ধান্তে অটল রয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, নতুন করে তদন্ত শুরুর মতো যথেষ্ট কারণ তারা দেখছেন না। সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজার আত্মজীবনীতে দেওয়া বক্তব্যের সঙ্গে ওই সময়ের অন্য খেলোয়াড়দের বক্তব্যের বেশ কিছু অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় রেডিও স্টেশন এসইএনের সঙ্গে আলাপকালে গ্রিনবার্গ বলেন, খাজার বইয়ে এমন কিছু নির্দিষ্ট বিবরণ রয়েছে, যা অন্যদের দেওয়া বক্তব্যের সঙ্গে মেলে না। তবে তদন্তে পাওয়া তথ্য এবং খাজার বক্তব্য পর্যালোচনা করেও তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। নতুন করে তদন্তে যাওয়ার মতো কোনো জোরালো কারণ নেই বলেও জানান তিনি।
সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী ‘সাবর’-এ ২০১৮ সালের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে নতুন তথ্য তুলে ধরেছেন উসমান খাজা। তার দাবি, দক্ষিণ আফ্রিকা সফরে বলের অবস্থা পরিবর্তন করে রিভার্স সুইং আদায়ের বিষয়ে দলের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছিল। শুধু ব্যাটার, বোলার কিংবা কোচিং স্টাফ নয়, পুরো দলের মধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা ছিল।
খাজা বইয়ে দাবি করেন, বল ঘষে ক্ষতিগ্রস্ত করার জন্য স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছিল। তার ভাষায়, বিষয়টি শুধু কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো দলই এ বিষয়ে জানত।
খাজার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি খাজার বক্তব্যকে শতভাগ সঠিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে ২০১৮ সালের ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে তাড়াহুড়ো করে এবং যথাযথভাবে না করে সম্পন্ন করা হয়েছিল বলে সমালোচনা করেন।
ওই কেলেঙ্কারির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তি দেওয়া হয়। কেপটাউন টেস্টে বলের ওপর স্যান্ডপেপার ব্যবহার করে তার আকৃতি পরিবর্তনের ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
তখন ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে ওই তিনজনই আগে থেকে জানতেন। তবে খাজার সাম্প্রতিক বক্তব্যে সেই তদন্তের পরিধি ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, ২০১৮ সালের কেপটাউন টেস্টে খেলা অস্ট্রেলিয়ার চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন ২০২১ সালে যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে তাদের কোনো পূর্বজ্ঞান ছিল না।
এদিকে, আট বছর পর কেন খাজা বিষয়টি সামনে আনলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন বিশ্লেষক। তার নতুন বইয়ের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে তিনি এমন বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা এ অভিযোগ অস্বীকার করে জানান, এ বিষয়ে কথা বলার পেছনে তার কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই।
সব মিলিয়ে খাজার নতুন দাবি, ওয়ার্নারের সমর্থন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার অনড় অবস্থানে ২০১৮ সালের আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি আবারও আলোচনায় এসেছে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, আপাতত নতুন কোনো তদন্তের পরিকল্পনা নেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









