সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে একটি ইকো রিসোর্টে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার। শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া নেওয়া হলেও সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দেন তিনি। পুলিশ সভাস্থল হিসেবে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ শনাক্ত করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৭টার দিকে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে সদর থানা-পুলিশ। মোবাইল ফোনের অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে তারা মিয়া জানান, গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রণজিৎ সরকার ওই সভা করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে নিয়ে সেখানে যায় এবং সভাস্থল শনাক্ত করে।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে রণজিৎ সরকার উপস্থিত হয়ে একটি ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
সোমবার রণজিৎ সরকার তার ফেসবুক অ্যাকাউন্টে সভার ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনে তৎপরতা শুরু হয়। এর পরদিন সকালে সভায় উপস্থিত থাকা তারা মিয়াকে আটক করে পুলিশ।
রণজিৎ সরকার হোয়াটসঅ্যাপে এই প্রতিবেদককে বলেন, ‘দেশে ঢুকেই আমি আমার নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করেছি।’ তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত নেত্রীকে (শেখ হাসিনা) দেশে আনতে না পারছি, ততক্ষণ লড়াই চলবে।’
উল্লেখ, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন সিলেট ছাড়েন রণজিৎ সরকার। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরে সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং সেখান থেকে লন্ডনে পাড়ি জমান।
এদিকে সভার ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার দিবাগত রাতে সিলেট নগরের গোপালটিলায় রণজিৎ সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









