সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের গাফিলতি, কাজ ফেলে রাখা এবং তদারকির অভাব নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নিজের নির্বাচনী এলাকার উন্নয়নকাজের পরিস্থিতি তুলে ধরে তিনি একে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) সরেজমিনে গিয়ে কাজ পরিদর্শন ও তদারকির নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের বক্তব্যের পর ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, বছরের পর বছর পার হলেও অনেক এলাকায় উন্নয়নকাজ শুরু হয় না। আবার কাজ শুরু হওয়ার পর ঠিকাদারদের আর খুঁজে পাওয়া যায় না। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের মাঠপর্যায়ে গিয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
নিজের নির্বাচনী এলাকার অবস্থা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ‘‘আমাদের কনস্টিটুয়েন্সিতে কী বলব? আমি তো এই জায়গা থেকে বলতে পারি না অনেক কিছু। বাট ইটস এ ভয়াবহ অবস্থা।’’
এর আগে সংসদে নিজের নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কের বেহাল দশার কথা তুলে ধরেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান।
তিনি বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে প্রতিবছর সড়ক, কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান এক থেকে দুই বছর কাজ শুরু করে না। কাজ শুরু করলেও দীর্ঘদিন অসমাপ্ত অবস্থায় ফেলে রাখে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার ব্যাহত হচ্ছে।
ফুলবাড়িয়ার সনকান্দা সড়কের উদাহরণ দিয়ে কামরুল হাসান বলেন, সড়কটি এক বছর ধরে খানাখন্দে পড়ে আছে। কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই অবস্থা মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কেও।
এ ধরনের অনিয়ম বন্ধে কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তার মতে, কাজ শুরু না করা কিংবা শুরু করে ফেলে রাখার কারণে দীর্ঘদিন ধরে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংসদে রাস্তার দুই পাশে পুকুর খনন করে মাছ চাষের বিষয়টিও তুলে ধরেন কামরুল হাসান। তার অভিযোগ, সড়কের পাশে পুকুর খননের ফলে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নির্মাণের ছয় মাসের মধ্যেই সড়ক টেকসই থাকছে না। এ সমস্যা সমাধানে রাস্তা থেকে অন্তত ১০ থেকে ১৫ ফুট দূরে পুকুর খননের বিধান কার্যকর করার দাবি জানান তিনি। তার মতে, সড়কের পাশে পুকুর খননের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হলে রাস্তার স্থায়িত্ব বাড়বে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









