যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘লোকদেখানো কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন তিনি। ইরান যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযান নিয়ে তার বিরুদ্ধে আনা সমালোচনাকে নীতিগত মতপার্থক্য হিসেবে দেখছেন হেগসেথ।
মঙ্গলবার (১০ নভেম্বর) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব সমালোচনা দেশপ্রেম নয়, বরং নাশকতা।
সোমবার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য টমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ, মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানে হামলা এবং যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ‘এটি একটি প্রহসন এবং লোকদেখানো কর্মকাণ্ড।’ তার ভাষায়, ‘এটি দেশপ্রেম নয়, এটি নাশকতা।’
হেগসেথের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তার পক্ষ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হেগসেথের প্রশংসা করে বলেন, ক্ষুব্ধ ও পরাজিত সাবেক কংগ্রেস সদস্য টমাস ম্যাসির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরার জন্য হেগসেথকে সর্বোচ্চ নম্বর দেওয়া উচিত।
মার্কিন প্রতিনিধি পরিষদে মঙ্গলবার হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নিয়ে প্রাথমিক ভোট হওয়ার কথা রয়েছে। এটি মূলত একটি প্রক্রিয়াগত ভোট। এর মাধ্যমে প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে কি না, তা নির্ধারণ করবেন আইনপ্রণেতারা।
সামরিক অভিযান নিয়ে নিজের অবস্থানের পক্ষে হেগসেথ
প্রায় ছয় মাস পর পেন্টাগনে প্রথম সংবাদ সম্মেলন করেন হেগসেথ। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানে নিজের ভূমিকার পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। নিজের দায়িত্ব পালনের সময় মার্কিন সামরিক বাহিনীর প্রাণহানির তুলনা করেন অতীতের কয়েকটি যুদ্ধের সঙ্গে। হেগসেথ বলেন, ভিয়েতনাম যুদ্ধে প্রায় ৬০ হাজার এবং কোরীয় যুদ্ধে ৩৭ হাজার মার্কিন নাগরিক নিহত হয়েছিলেন। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
অভিশংসন প্রস্তাবে উল্লেখ করা বিভিন্ন অভিযোগেরও জবাব দেন তিনি। এর মধ্যে রয়েছে মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানে হামলার বৈধতা এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা।
হেগসেথের দাবি, মাদক পাচারকারীদের বিরুদ্ধে নৌযানে হামলা যুক্তরাষ্ট্রকে মাদক পাচারের হুমকি থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ছিল। প্রতিটি হামলার ফলে হাজার হাজার মার্কিন নাগরিকের জীবন রক্ষা পেয়েছে বলেও দাবি করেন তিনি।
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার বিষয়ে হেগসেথ বলেন, ‘তাকে অপহরণ করা হয়নি; তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে।’
নিজের ভূমিকার পক্ষে দৃঢ় অবস্থান জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এসব সামরিক অভিযানের প্রতিটির দায়িত্ব তিনি নিচ্ছেন। এগুলো পরিচালনা করতে পেরে তিনি গর্বিত এবং প্রয়োজন হলে আবারও একই কাজ করবেন।
হেগসেথের পাশে রুবিও
হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগের সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকবাহী নৌযানে হামলা এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের মতো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি মোকাবিলার অংশ।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। দেশের নিরাপত্তা রক্ষা এবং আসন্ন হুমকি মোকাবিলার অধিকার তাঁর রয়েছে। প্রেসিডেন্ট সেই দায়িত্ব পালন করেছেন।
হেগসেথের ভূমিকার পক্ষে অবস্থান নিয়ে রুবিও আরও বলেন, তিনি সর্বাধিনায়কের সরাসরি নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, মার্কিন নাগরিকদের নিরাপদ রাখার দায়িত্ব প্রেসিডেন্টের ওপর ন্যস্ত।
হেগসেথের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এই সমর্থন বিষয়টিকে আরও আলোচনায় এনেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









