ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমিনুর রহমান সৌরভ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা রিয়া খাতুন (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান সৌরভ চুয়াডাঙ্গা পৌরসভার বড় বাজার এলাকার আসলাম হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। আহত রিয়া খাতুন চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের আলিবর্দী বিশ্বাসের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সৌরভ ও রিয়া মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে চা পান করতে যাচ্ছিলেন। পথে হলিধানী এলাকায় যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের সামনে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি একটি স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব কুমার সৌরভকে মৃত ঘোষণা করেন। আহত রিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









