সাতক্ষীরার শ্যামনগরে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। সাহায্যের আবেদন জানাতে গিয়ে তাৎক্ষণিকভাবে নতুন একটি হুইলচেয়ার পেয়েছেন মো. আমজিয়ার কাগুচি নামের ওই ব্যক্তি।
জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মৃত আজিজুল্যাহ কাগুচির ছেলে আমজিয়ার কাগুচি আর্থিক অসচ্ছলতা ও অসহায়ত্বের কথা জানিয়ে সহায়তার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান।
তাঁর কথা শোনার একপর্যায়ে ইউএনও শামসুজ্জাহান কনক দেখতে পান, আমজিয়ার কাগুচির একটি পা নেই এবং তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তাঁর শারীরিক অবস্থা ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে একটি নতুন হুইলচেয়ার প্রদান করেন ইউএনও।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমজিয়ার কাগুচি। তিনি ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চলাচলের অসুবিধার কারণে দীর্ঘদিন ধরে তাঁকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নতুন হুইলচেয়ারটি তাঁর চলাফেরার কষ্ট অনেকটাই কমিয়ে দেবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









