বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক যোগাযোগ খাতে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব খাতে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এবং সরাসরি বিনিয়োগের মাধ্যমে কাজ করার জন্য চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনকে (সিআরসিসি) আহ্বান জানান তিনি।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে সিআরসিসির চেয়ারম্যান Dai Hegen-এর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাঃ আবদুস সালাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর ব্যাপকতা তুলে ধরে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ওয়াসা, সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) দেশজুড়ে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। দেশের ৫ শতাধিক উপজেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৪ হাজার ৯০০টি ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা পরিষদের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, বড় বড় উন্নয়ন প্রকল্পে পিপিপি মডেল, চীনা সরকারের সরাসরি অর্থায়ন কিংবা এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অর্থায়নে চীনা কোম্পানিগুলোর কাজ করার সুযোগ রয়েছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং সড়ক ও সেতু নির্মাণে চীনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সিআরসিসির প্রতিনিধিদলকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের গ্রামকে শহরে রূপান্তরের পরিকল্পনা এবং দেশের সামগ্রিক অবকাঠামো পুনর্গঠনে প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়াসার অধীনে নিরাপদ সুপেয় পানি সরবরাহ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, গ্রামীণ ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ এবং ব্রিজ-কালভার্ট নির্মাণে পিপিপি অথবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে সিআরসিসি এগিয়ে এলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
বৈঠকে সিআরসিসির চেয়ারম্যান Dai Hegen জানান, প্রতিষ্ঠানটি বিশ্বের ১৫০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদসমৃদ্ধ এ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ঠিকাদারি খাতে কাজ করছে।
তিনি জানান, বাংলাদেশে বর্তমানে সিআরসিসির প্রায় ১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪টি প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার রেল সংযোগ প্রকল্প, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং নদীর তীর পুনরুদ্ধার ও অবকাঠামো নির্মাণসহ বেশ কয়েকটি বড় প্রকল্পে প্রতিষ্ঠানটি কাজ করেছে।
Dai Hegen আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং গ্রামীণ এলাকায় আর্সেনিকমুক্ত নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজ করতে আগ্রহী সিআরসিসি।
তিনি বলেন, বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলের সুষম উন্নয়নে সিআরসিসি দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ চালিয়ে যেতে চায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









