দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর জেলার ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন।’’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় খালটি পরিদর্শন করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
তিনি জানান, খালটি শুধু পানি নিষ্কাশন ও সংরক্ষণেই নয়, বহুমুখী কাজে ব্যবহার করা হবে। খালের দুই পাশে গাছ লাগানো, মাছ ও হাঁস চাষের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় হতদরিদ্র মানুষকে ২০ জন করে সমবায় সমিতির মাধ্যমে এ কার্যক্রমে যুক্ত করা হবে। এতে খালের রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলিত হবে। প্রধানমন্ত্রীর সফরে খাল উদ্বোধনের পাশাপাশি এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের কার্যক্রম পরিদর্শন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধনের কর্মসূচিও রয়েছে।
এ সময় জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








