কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় এসব অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি অধিনায়ক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হ্নীলার জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবি। এ সময় বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনে অবস্থান নেয়।
পরে বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে ওই এলাকায় গেলে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে যায়। একপর্যায়ে মাদক কারবারিরা ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
এদিকে, একই রাতে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামের এক যুবককে আটক করা হয়। রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
অন্যদিকে, রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামের আরেক যুবককে আটক করে বিজিবি।
বিজিবি অধিনায়ক বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে পেশাদারিত্ব, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে অভিযান অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








