পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুই শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, অ্যাডভোকেট মো. কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহমুদ।
বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, নকলমুক্ত, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে তারা বদ্ধপরিকর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








