টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক। পরে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আখতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন ভুমি অফিস, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর পৌরসভা পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন। বিকেল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








