যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে মিথ্যা ঘোষণা দিয়ে কেমিক্যাল পাচারের চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যসহ একটি ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্য চালানটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।
আটক ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। পণ্য চালানটির বিল অব এন্ট্রি নম্বর সি-৭৭১৫৪।
কাস্টমস সূত্র জানায়, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার হিসেবে। কিন্তু চালানটি বন্দরে আনলোড হওয়ার পর একই দিন যথাযথ অ্যাসেসমেন্ট ছাড়াই অন্য একটি ট্রাকে লোড করে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালান। পরে কাগজপত্র যাচাই করে পণ্যের ঘোষণা নিয়ে সন্দেহ তৈরি হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল বের করে নেওয়া এবং শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পরীক্ষাগারে পরীক্ষা ছাড়া পণ্যটির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়।
এ কারণে চালানটি জব্দ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয় ও সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেন, ‘‘বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। এ ক্ষেত্রে পণ্যের সঠিক ঘোষণা ও শুল্কায়ন নিশ্চিত করা জরুরি। কোনো চালানে অনিয়ম থাকলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে। তবে তদন্তের আগে কাউকে দোষী সাব্যস্ত না করে প্রকৃত ঘটনা যাচাই করে ব্যবস্থা নেওয়া উচিত।’’
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা পণ্যবোঝাই ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বন্দরের ৯ নম্বর শেডে একটি পণ্য চালান আনলোড হওয়ার পর একই দিন আবার বাংলাদেশি ট্রাকে লোড করে বের করে নেওয়া হচ্ছে। পরে কর্মকর্তারা শেডে গিয়ে আমদানির কাগজপত্র যাচাই করেন।’’
তিনি বলেন, ‘‘সেখানে দেখা যায়, ৮ নভেম্বর আসা চালানটির বিপরীতেই গেট পাস নেওয়ার চেষ্টা চলছিল। এতে পণ্যটি মিথ্যা ঘোষণায় বের করে নেওয়ার আশঙ্কা তৈরি হয়।’’
তিনি আরও বলেন, ‘‘কাগজপত্রে পণ্যটির ঘোষণা ট্যালকম পাউডার দেওয়া হলেও পরীক্ষাগারের প্রতিবেদন ছাড়া প্রকৃত পণ্য শনাক্ত করা সম্ভব নয়। ল্যাব পরীক্ষার পর পণ্যের পরিচয় নিশ্চিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








