চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলের দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ‘মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনটি রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে শুরু হয়ে কলোনি মোড়, মুক্তাশা হল রোড, আলহেরা ক্লিনিক মোড়, উপজেলা চত্বর ও স্টেশন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
পরে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন পার্বতীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেতা আশরাফুল হক, কৃষক দল নেতা দুরুল হুদা, জামায়াত নেতা ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা, মাদক নির্মূল কমিটির শামীম রেজা ও নাসিরুদ্দিন, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল এবং মুক্তিযোদ্ধা আব্দুল মজিদসহ অনেকে।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে। এ জন্য এলাকার সব মাদক ব্যবসায়ীকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








