দুই টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে দেড় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরান। এমন দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।
শুক্রবার (১৩ নভেম্বর) তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরোধব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশটির ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো এখন দুই টন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র দিয়ে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।
মোস্তফা ইজাদি আরও বলেন, ইরানের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা দুর্বল করার জন্য শত্রুপক্ষ বিভিন্ন পরিকল্পনা করছে। তবে এসব পরিকল্পনা নস্যাৎ করতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি দাবি করেন, স্থল ও সমুদ্রভিত্তিক শত্রুদের বিভিন্ন সামরিক স্থাপনায় ইরানি যোদ্ধারা হামলা চালিয়েছেন। ইরানের সামরিক সক্ষমতার কারণে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুতও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেন তিনি।
আইআরজিসির এই উপপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে। হুমকির ধরন কিংবা মাত্রা যা-ই হোক, পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।
ইজাদির বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কথা জানাচ্ছে তেহরান। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি ও কার্যকর প্রতিরোধব্যবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে দেশটির সামরিক কর্মকর্তাদের ধারাবাহিক বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে দুই টন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের কার্যকর সক্ষমতা ও মোতায়েনের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








