বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন অসংখ্য ব্যবহারকারী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এই বিপর্যয় শুক্রবারও (১৩ নভেম্বর) অব্যাহত রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ৭৪টি দেশের ব্যবহারকারীরা মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শুধু আউটলুক নিয়ে অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়।
এই সমস্যার কারণে অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠানো ও গ্রহণ করতে পারছেন না। কেউ কেউ ইনবক্স খুলতে, প্রয়োজনীয় ফাইল দেখতে কিংবা ক্যালেন্ডারের তথ্য ব্যবহারে সমস্যায় পড়েছেন। তবে কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে টিমসের বার্তা আদান-প্রদান ও অনলাইন মিটিং সেবা স্বাভাবিক রয়েছে।
মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ প্রতিষ্ঠানটির মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন। ফলে এই বিপর্যয়ের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রযুক্তিনির্ভর সংস্থায়।
কেন এই বিপর্যয়?
মাইক্রোসফট জানিয়েছে, সাইবার হামলার কারণে এই বিপর্যয় ঘটেনি। বরং তাদের অবকাঠামোয় অতিরিক্ত চাপের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। ফলে বাকি সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে একের পর এক সেবা ব্যবহারে বিঘ্ন ঘটে।
সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও এখন পর্যন্ত প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। শুক্রবার সকালে মাইক্রোসফট জানায়, তাদের নেওয়া পদক্ষেপে সামান্য অগ্রগতি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সার্ভারের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে।
প্রভাব পড়েছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানেও
মাইক্রোসফটের এই বিপর্যয়ের প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রোপিকের ওপরও। মাইক্রোসফটের সেবার সঙ্গে সংযোগজনিত সমস্যার কারণে তাদের কিছু প্রযুক্তি ও টুল প্রত্যাশামতো কাজ করছে না বলে জানিয়েছে ওপেনএআই।
এ ছাড়া সিঙ্গাপুরের সরকারি বিভিন্ন সেবা, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাজ্যের বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানও সমস্যার মুখে পড়েছে। যুক্তরাজ্যের কিছু চিকিৎসাকেন্দ্র রোগীদের জরুরি প্রয়োজনে ই-মেইল বা অনলাইন ফরমের পরিবর্তে ফোনে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
বিশেষজ্ঞদের উদ্বেগ
অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বিবিসিকে বলেন, এই বিপর্যয়ের প্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাঁর মতে, ইন্টারনেট অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মাইক্রোসফট। ফলে প্রতিষ্ঠানটির সেবায় বিঘ্ন ঘটলে মানুষের কর্মজীবন থেকে শুরু করে দৈনন্দিন যোগাযোগ, অনলাইন লেনদেন এবং বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মাইক্রোসফটের ওপর ব্যাপক নির্ভরশীলতা এই বিপর্যয়ের প্রভাব আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে দ্রুত সেবা স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট। তবে কখন পুরোপুরি স্বাভাবিক হবে প্রতিষ্ঠানটির সব সেবা, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








