নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চা দোকানি বৃদ্ধ নাঈম খান হত্যাকারীদের ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ) সকালে বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ফুট ওভার ব্রিজের নিচে গিয়ে নাঈম খান হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে পরিবারের পক্ষে ছিলেন নিহতের ছোট ভাই মো. দেলোয়ার হোসেন, মো. মনির হোসেন, মামলার বাদী হিরা আক্তার, পান্না আক্তার, পারভেজসহ এলাকাবাসী।
উল্লেখ্য, গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়ার একটি চলাচলের রাস্তা নিয়ে বিরোধে একই এলাকার মো. হোসেন ও তার ছেলে ইকবাল এবং হোসেনের স্ত্রী মায়া বেগম চা দোকানি বৃদ্ধ নাঈম খানকে (৬০) পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রাখে। মুমূর্ষু অবস্থায় নাঈম খানকে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈম খানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হিরা আক্তার বাদী হয়ে ঘাতক হোসেন, মায়া ও ইকবালকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শিমরাইল উত্তরপাড়ায় অভিযান চালিয়ে নাঈম খান হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে৷


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








