ফ্যাসিস্টরা শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন চায়নি বলে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘‘বাংলা সাহিত্যের জাগরণের যুগে মীর মশাররফ হোসেন ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তার সাহিত্যকর্ম ও অবদানকে গুরুত্ব দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।’’
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুরে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে তার ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘‘বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রকে সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা হবে। সেখানে গান-বাজনা, পাঠাগার ও পড়াশোনার সুযোগসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এর মাধ্যমে এ অঞ্চলে শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটবে এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত হবে।’’
তিনি আরও বলেন, ‘‘বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ সরকারি করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য কথা বলেছেন এবং ডিও লেটার দিয়েছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। যেহেতু এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান, তাই সংস্কৃতি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কলেজটি সরকারি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’ এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয়দেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








