পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। অথচ প্রতি বছর এই মাসকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। বাড়তি চাহিদার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি, কৃত্রিম সংকট, মজুতদারি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। বিশেষ করে, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রমজানের বাজার সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
তাই আসন্ন রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার রমজান সামনে রেখে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া উদ্যোগগুলো আশাব্যঞ্জক।
ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের মতো গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় এসব পণ্যের আমদানি ও ঋণপত্র খোলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরসহ ১০টি নিত্যপণ্যের ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ৯০ দিন পর্যন্ত বায়ার্স ও সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ ব্যবসায়ীদের জন্য ইতিবাচক পদক্ষেপ।
আমদানিকারকদের মূলধনের ওপর চাপ কমানো এবং পণ্য আমদানির প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। কারণ, ঋণপত্র খোলার সময় উচ্চহারে নগদ মার্জিন নির্ধারিত থাকলে ব্যবসায়ীদের বড় অঙ্কের অর্থ ব্যাংকে জমা রাখতে হয়। এতে আমদানি সক্ষমতা কমে এবং বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিপরীতে মার্জিন শিথিল করা হলে ছোট ও মাঝারি আমদানিকারকরাও সহজে পণ্য আমদানির সুযোগ পাবেন। তবে, এই সুবিধার সুফল যেন কেবল বড় আমদানিকারক বা প্রভাবশালী ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করতে হবে।
স্থানীয় বাজারের সাম্প্রতিক পরিস্থিতিও কিছুটা আশার সঞ্চার করছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুসারে, গত এক মাসে ডিম, ব্রয়লার মুরগি ও মসুর ডালের দাম কমেছে। ভোজ্যতেল ও চিনির দামও স্থিতিশীল রয়েছে। তবে, কয়েকটি পণ্যের দাম কমা মানেই সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে, এমনটি ভাবার সুযোগ নেই। রমজানে ছোলা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ ও খেজুরের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় বেড়ে যায়। এ ক্ষেত্রে সরকারের বাজার তদারকি ব্যবস্থাকে আরো কার্যকর করতে হবে। আমদানি থেকে শুরু করে পাইকারি ও খুচরা পর্যায় পর্যন্ত পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।
শুধু অভিযান পরিচালনা কিংবা জরিমানা করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়; বরং সরবরাহব্যবস্থার প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। খেজুরসহ আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে শুল্ক কাঠামো যৌক্তিক করা জরুরি। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, জাহাজভাড়া, পরিবহন ব্যয় ও বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির পরিবর্তন আমদানি ব্যয়ে প্রভাব ফেলে। তাই শুল্ক নির্ধারণে বাস্তব আমদানি মূল্য ও পণ্যের গুণগত মান বিবেচনায় নিতে হবে। পাশাপাশি বাজারে প্রতিযোগিতা বাড়াতে আমদানিকারকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
রমজানের বাজারে স্বস্তি নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়, ব্যবসায়ীদেরও। এই মাসে অতিরিক্ত মুনাফার পরিবর্তে ন্যায্য ব্যবসায়িক আচরণ ও মানবিকতার পরিচয় দেওয়া জরুরি। অন্যদিকে, ভোক্তাদেরও প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা ও অযথা মজুত করার প্রবণতা পরিহার করতে হবে। সরকারের ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়নে কার্যকর তদারকি, ব্যবসায়ীদের দায়িত্বশীলতা এবং বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা গেলে রমজানে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে পারে। মানুষের প্রত্যাশা, রমজান যেন দ্রব্যমূল্যের বাড়তি বোঝা নয়, বরং সংযম ও স্বস্তির বার্তা নিয়ে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








