মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্বাস্থ্য। অথচ সেই স্বাস্থ্য রক্ষার জন্য যখন মানুষ নিজ দেশের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা হারিয়ে বিদেশের পথে পা বাড়ায়, তখন স্পষ্ট হয়ে ওঠে, সংকটটি কেবল চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় আটকে নেই; এর শিকড় আরো গভীরে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, জবাবদিহি ও জনআস্থার সংকটে। বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ সহায়-সম্বল বিক্রি করে, জমিজমা বন্ধক রেখে কিংবা ঋণের বোঝা মাথায় নিয়ে চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ছুটে যাচ্ছেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ২০২১ সালের এক খাতভিত্তিক প্রতিবেদনে বিশ্বব্যাংকের তথ্যের ভিত্তিতে বলা হয়েছিল, প্রতিবছর প্রায় সাত লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য বিদেশে যান এবং এ খাতে ব্যয় হয় প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। পরবর্তী সময়ে বিভিন্ন প্রাক্কলনে এই ব্যয়ের পরিমাণ আরো বেশি বলে উল্লেখ করা হয়েছে। এই বিদেশমুখিতা একদিকে দেশের স্বাস্থ্য খাতের দুর্বলতা ও আস্থাহীনতার চিত্র তুলে ধরছে, অন্যদিকে বিপুল বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাওয়ায় জাতীয় অর্থনীতির ওপরও চাপ সৃষ্টি করছে। এই দ্বিমুখী সংকট মোকাবিলায় বিদেশে চিকিৎসা নেওয়ার কারণগুলো চিহ্নিত করে দেশের স্বাস্থ্যব্যবস্থায় মানসম্মত সেবা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায়, চিকিৎসার জন্য মানুষের বিদেশমুখিতা যেমন বাড়বে, তেমনি দেশ হারাবে মূল্যবান বৈদেশিক মুদ্রা ও নাগরিকের আস্থা।
চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার অন্যতম প্রধান কারণ হলো দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থার সংকট এবং রোগ নির্ণয়ের অনিশ্চয়তা। একজন অসুস্থ মানুষ শুধু ওষুধ বা চিকিৎসা চান না; তিনি চান রোগ সম্পর্কে সঠিক ধারণা, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা এবং উপযুক্ত চিকিৎসার নিশ্চয়তা। কিন্তু আমাদের দেশে প্রায়ই একই রোগের পরীক্ষায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে ভিন্ন ভিন্ন প্রতিবেদন পাওয়া যায়, যা রোগী ও স্বজনদের মনে বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি করে। অনেক প্রতিষ্ঠানে পরীক্ষার মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ঘাটতি থাকায় এই অনিশ্চয়তা আরো বাড়ছে। ফলে, সামান্য জটিলতা দেখা দিলেও অনেকেই দেশীয় চিকিৎসাব্যবস্থার ওপর ভরসা রাখতে পারেন না; ছুটে যান বিদেশের হাসপাতালে।
বিশেষ করে, ভারত বাংলাদেশি রোগীদের অন্যতম প্রধান চিকিৎসাগন্তব্য হয়ে উঠেছে। অথচ বিদেশে চিকিৎসা নিতে গিয়ে অনেকে জমিজমা বিক্রি করছেন, সঞ্চয় ভাঙছেন, এমনকি ঋণের বোঝাও কাঁধে নিচ্ছেন। বাস্তবতা হলো, মানুষ শুধু উন্নত চিকিৎসার আশায় বিদেশে যাচ্ছেন না; বরং দেশের চিকিৎসাব্যবস্থায় নির্ভরযোগ্যতা, স্বচ্ছতা ও যথাযথ সেবার নিশ্চয়তার অভাবও তাঁদের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তাই চিকিৎসার মানোন্নয়নের পাশাপাশি মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ঘিরে স্বাস্থ্য খাতের একশ্রেণির মধ্যস্বত্বভোগীর তৎপরতাও উদ্বেগজনক।
দেশের চিকিৎসাব্যবস্থার বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে দালালচক্র ও কমিশনভিত্তিক রেফারেল-প্রথার অভিযোগ রয়েছে। বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও রোগীদের হাসপাতাল, চিকিৎসক ও চিকিৎসাপ্যাকেজের সঙ্গে যুক্ত করার নামে কিছু মধ্যস্বত্বভোগী আর্থিক সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এই প্রক্রিয়ায় স্থানীয় দালাল, কিছু ডায়াগনস্টিক সেন্টার, বিশেষায়িত ট্রাভেল এজেন্সি এবং স্বাস্থ্য খাতের একশ্রেণির অসাধু ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
আরো উদ্বেগের বিষয় হলো, বিদেশে চিকিৎসার ব্যয়ের একটি অংশ অনানুষ্ঠানিক মাধ্যমে পরিশোধের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ২০২৪ সালের ডিসেম্বরে মন্তব্য করেছিলেন, প্রতিবছর প্রায় পাঁচ বিলিয়ন ডলার চিকিৎসার জন্য দেশ থেকে বাইরে চলে যায়। তবে, এই অর্থের সুনির্দিষ্ট ব্যবহার ও লেনদেনের প্রকৃত চিত্র সম্পর্কে তিনি তথ্যঘাটতির কথাও উল্লেখ করেছিলেন। অর্থাৎ, বিদেশে চিকিৎসার মোট ব্যয় এবং অবৈধ অর্থ পাচারের পরিমাণ এক করে দেখার সুযোগ নেই। তবে, অনানুষ্ঠানিক লেনদেনের ঝুঁকি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং যথাযথ নজরদারির অভাব বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনায় বাড়তি উদ্বেগ তৈরি করছে। তাই এ খাতে স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের অনিয়ম ও অবৈধ কমিশন বাণিজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের অনেক চিকিৎসকের মেধা, জ্ঞান ও পেশাগত দক্ষতা আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। মূল সংকট চিকিৎসাগত দক্ষতার পাশাপাশি মানবিক যোগাযোগ, সহানুভূতি ও রোগীর প্রতি পর্যাপ্ত মনোযোগের অভাবেও নিহিত। একজন সংকটাপন্ন রোগী ও তাঁর স্বজনেরা হাসপাতালে আসেন চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে। এমন পরিস্থিতিতে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাঁদের প্রয়োজন আশ্বাস, আন্তরিকতা ও মানসিক সমর্থন। কারণ, রোগীর সুস্থতায় ওষুধ ও চিকিৎসাপদ্ধতির পাশাপাশি চিকিৎসকের সহানুভূতিশীল আচরণ এবং ইতিবাচক যোগাযোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কিন্তু সরকারি হাসপাতালের উপচে পড়া ভিড়, চিকিৎসকদের ওপর অতিরিক্ত কাজের চাপ এবং বেসরকারি হাসপাতালের বাণিজ্যিক প্রবণতার কারণে অনেক ক্ষেত্রেই রোগীরা প্রয়োজনীয় সময় ও মনোযোগ পান না। ফলে, চিকিৎসকের সঙ্গে রোগী ও স্বজনদের দূরত্ব তৈরি হয়, জন্ম নেয় অবিশ্বাস ও অসন্তোষ। এই মানবিক যোগাযোগের ঘাটতিও মানুষকে উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখী হতে উৎসাহিত করে। অথচ একজন রোগী শুধু রোগমুক্তিই চান না; তিনি চিকিৎসকের কাছ থেকে একটু সময়, আন্তরিক আশ্বাস, সহমর্মিতা এবং যথাযথ সম্মানও প্রত্যাশা করেন। তাই চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রোগীবান্ধব আচরণ ও মানবিক যোগাযোগ নিশ্চিত করাও জরুরি।
আমাদের স্বাস্থ্য খাতের এই দুরবস্থার অন্যতম বড় কারণ হলো বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র বা ‘সেন্টার অব এক্সিলেন্স’ গড়ে তোলার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর নীতির অভাব। দেশে হৃদরোগ, ক্যানসার, স্নায়ুরোগ ও কিডনি রোগের চিকিৎসায় কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান থাকলেও সেগুলোর সক্ষমতা, আধুনিক প্রযুক্তি, চিকিৎসাসুবিধা ও সেবার পরিধি এখনো প্রয়োজনের তুলনায় সীমিত। ফলে, জটিল ও সংকটাপন্ন রোগের চিকিৎসার জন্য অনেককেই বিদেশের ওপর নির্ভর করতে হয়। অথচ যথাযথ সরকারি উদ্যোগ, বেসরকারি বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) কার্যকর সমন্বয়ের মাধ্যমে এ খাতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।
প্রতিবেশী ভারত পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলে চিকিৎসা সেবাকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক রোগীদেরও আকৃষ্ট করছে। বিপরীতে, আমাদের দেশে প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধার ঘাটতিতে প্রতিবছর চিকিৎসার জন্য বিপুল অর্থ বিদেশে চলে যাচ্ছে। সরকার যদি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের করছাড়, নীতিগত সহায়তা ও অন্যান্য প্রণোদনা দেয়, তাহলে দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা সম্ভব হবে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার অপচয় কমবে, অন্যদিকে চিকিৎসা খাতও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় শিল্পে পরিণত হতে পারে।
সবশেষে বলতে হয়, স্বাস্থ্য খাতের এই নৈরাজ্যের অন্যতম প্রধান কারণ হলো জবাবদিহির অভাব এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর দুর্বলতা। চিকিৎসাসেবার অনিয়ন্ত্রিত বাণিজ্যিকীকরণ এই মানবিক পেশাকে অনেকাংশেই মুনাফা অর্জনের ব্যবসায় পরিণত করেছে। দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন, সেবার মান যাচাই এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনিক দুর্বলতা স্পষ্ট। চিকিৎসায় অবহেলা ও অনিয়মের অভিযোগের যথাযথ তদন্ত এবং রোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা রয়েছে।
অন্যদিকে, চিকিৎসার ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর জাতীয় নীতিমালা ও স্বচ্ছ মূল্যনির্ধারণ ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে প্রায়ই অসহায়ভাবে অতিরিক্ত খরচের বোঝা বহন করতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর তদারকি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে চিকিৎসায় অবহেলা ও অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় এনে রোগীদের ন্যায়বিচার ও সাশ্রয়ী চিকিৎসার অধিকার নিশ্চিত করতে হবে।
দেশের প্রতিটি নাগরিক যখন নিজ দেশেই মানসম্মত, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা পাওয়ার নিশ্চয়তা পাবেন, তখনই বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমবে এবং দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। তাই আর কালক্ষেপণ না করে স্বাস্থ্য খাতে কার্যকর সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায়, চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকট আরো গভীর হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতি ও মানবসম্পদের ওপর।
লেখক : কবি ও কলামিস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








