শারীরিক প্রতিবন্ধকতা, স্বামীর নির্যাতন আর অভাব-অনটন—সব প্রতিকূলতাকে সঙ্গী করেই জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন নওগাঁর আত্রাই উপজেলার সুরভী খাতুন (৩৫)। স্বামীর সংসার ছেড়ে দুই বছর ধরে ছোট মেয়েকে নিয়ে আশ্রয় নিয়েছেন মায়ের বাড়িতে। সেখানে নিজের ও সন্তানের ভরণপোষণের জন্য পুরোনো একটি সেলাই মেশিনে কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করছেন তিনি। তাঁর স্বপ্ন, একটি থাকার ঘর ও একটি ইলেকট্রিক সেলাই মেশিন পেলে জীবনটা কিছুটা সহজ হবে।
সুরভী খাতুন নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের ফটকিয়া বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বাচ্চু পাং এবং মায়ের নাম মোছা. সাজেদা বেগম। প্রায় ১৯ বছর আগে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই গ্রামের সেন্টু শাহর (৪৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে।
সুরভীর অভিযোগ, স্বামী সেন্টু শাহ নেশায় আসক্ত হয়ে দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে দুই বছর আগে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন তিনি।
বাবা বেঁচে না থাকায় মায়ের বাড়িতেও অভাব-অনটনের মধ্যে দিন কাটছে তাঁর। পরিবারের বোঝা হয়ে থাকতে চান না সুরভী। তাই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও পুরোনো একটি সেলাই মেশিনে কাপড় সেলাই করে উপার্জনের চেষ্টা করছেন। সেই সামান্য আয় দিয়েই চলে তাঁর ও ছোট মেয়ের জীবনযাপন।
সরকারি সহায়তা বলতে সুরভী পান প্রতিবন্ধী ভাতা। তিন থেকে চার মাস পরপর প্রায় ২ হাজার ৫০০ টাকা ভাতা পান তিনি। তবে এই সামান্য অর্থে সংসারের প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে।
বর্তমানে মায়ের সঙ্গে একই কক্ষে বসবাস করছেন সুরভী ও তাঁর ছোট মেয়ে। সন্তানকে নিয়ে আলাদা থাকার মতো কোনো ঘর নেই তাঁদের। এত প্রতিকূলতার মধ্যেও মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখেন তিনি। পাশাপাশি একটি মাথা গোঁজার ঠাঁই ও একটি ইলেকট্রিক সেলাই মেশিন পেলে আরও ভালোভাবে কাজ করতে পারবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবেন বলে আশা তাঁর।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, ‘সুরভী মেয়েটি শারীরিক প্রতিবন্ধী এবং খুবই অসহায় পরিবারের। স্বামীর অত্যাচারে মায়ের বাড়িতে এসে থাকে। আমরা পরিষদ থেকে তাঁর জন্য একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। সরকার যদি মেয়েটির দিকে একটু সুনজর দেয়, তাহলে হয়তো সে আরও একটু ভালো জীবনযাপন করতে পারবে।’
অভাব-অনটন ও শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলা সুরভীর এখন একটাই প্রত্যাশা—একটি নিরাপদ আশ্রয় ও কর্মের উপযুক্ত ব্যবস্থা। সরকারি কিংবা বেসরকারি সহযোগিতা পেলে হয়তো তাঁর জীবনসংগ্রাম কিছুটা সহজ হবে, পূরণ হবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








