বাংলাদেশের প্রধানতম রপ্তানিপণ্য তৈরি পোশাক। তৈরি পোশাক থেকেই আসে রপ্তানি আয়ের ৮১ শতাংশ। আর এই তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। পোশাক আমদানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ৭০-এর দশকে ছোট পরিসরে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের যাত্রা শুরু হলেও সময়ের পালাবদলে গত চার দশকে তা বিশাল শ্রম সেক্টরে রূপান্তরিত হয়েছে। গত চার দশকেরও বেশি সময় ধরে তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গড়ে উঠেছে।
এর সঙ্গে জড়িয়ে রয়েছে টেক্সটাইলসহ অসংখ্য শিল্প। লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস এই খাত। বর্তমানে বাংলাদেশে ছোট বড় মিলে প্রায় বিশ হাজারের বেশি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। যাতে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত। এ ৫০ লাখ শ্রমিকের সাথে তাদের পরিবার মিলে কমপক্ষে দেড় থেকে দুই কোটি মানুষ এ শ্রম সেক্টরের সাথে জড়িত। এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই হচ্ছে প্রায় ৮০ শতাংশ। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদান অনস্বীকার্য হলেও, পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়ন এখনো অন্যতম প্রধান একটি চ্যালেঞ্জ। শ্রমিকদের জীবনযাত্রার মান সরাসরি তাদের কর্মক্ষমতা ও দেশের টেকসই উন্নয়নের সাথে জড়িত।
বর্তমানে দেশের এই বিশাল জনগোষ্ঠী এবং পোশাক খাতের সুরক্ষায় শ্রমিকদের স্বার্থ ও জীবনযাত্রার মান উন্নত করা অত্যন্ত জরুরি। কারন, পোশাকশিল্পের এই বিশাল সাফল্যের পেছনে রয়েছে এ দেশের কোটি শ্রমজীবী মানুষের ঘাম ও শ্রম। বিশেষ করে, নারী শ্রমিকদের অংশগ্রহণ এই শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, উৎপাদনের এই কারিগরদের একটি বড় অংশ আজও তাদের নায্য পাওনা, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। নামমাত্র মজুরি, অনিয়মিত বেতন, ওভারটাইমের উপযুক্ত পারিশ্রমিক না পাওয়া এবং প্রায়শই বঞ্চনার শিকার হওয়া শ্রমিকদের যেন নিত্যদিনের সঙ্গী। শ্রমিকরা যদি প্রতিনিয়ত আর্থিক ও মানসিক চাপে থাকেন, তবে তাদের কাছ থেকে শতভাগ উৎপাদনশীলতা আশা করা বোকামি। পেটের দায়ে কাজ করলেও অসন্তুষ্ট ও অধিকারবঞ্চিত শ্রমিকদের মনে কাজের প্রতি মনোযোগ থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়। ফলে, কারখানায় অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং দীর্ঘমেয়াদে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শিল্পটির সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্রেতারা এখন শুধু সস্তায় পণ্য কিনতে চায় না, বরং তারা ‘কমপ্লায়েন্স’ বা শ্রম অধিকারের বিষয়টিও কড়াকড়িভাবে পর্যবেক্ষণ করে। অতএব, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা কেবল মানবিক দায়িত্বই নয়, বরং শিল্পের টিকে থাকার স্বার্থেও এটি অপরিহার্য হিসেবে বিবেচিত হয়। আরেকটি বিষয়- দেশের খাদ্য মূল্যস্ফীতি গত সাড়ে ১১ বছরের মধ্যে এবার ছিল সর্বোচ্চ। সরকারি তথ্যমতে, কেবল খাদ্যে আগস্ট পর্যন্ত মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৪ শতাংশ আর সার্বিক মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ। এই মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শ্রমিক ও শ্রমজীবীর মানুষের ওপর।
২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক শ্রমিকদের ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল।
তারপর যুদ্ধ, মূল্যস্ফীতি, গ্যাস-সংকট ইত্যাদি মিলিয়ে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। আগস্টে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক শূন্য ৫ শতাংশ, আর মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশ। এভাবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে চার বছর টানা মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ সাড়ে চার বছর ধরে শ্রমজীবী মানুষের প্রকৃত আয় প্রতি মাসেই ক্রমাগত কমেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা জরুরি। আগে পাঁচ বছর পরপর মজুরি পরিবর্তনের বিধান থাকলেও নতুন শ্রম আইনে এখন থেকে তিন বছর পরপর মজুরি বৃদ্ধির বিষয়টি যুক্ত করা হয়েছে। ফলে, আইন অনুসারে মালিকপক্ষকে নির্দিষ্ট সময় পরপর মজুরি বাড়াতে হবে।
তবে, বর্তমান সরকার শ্রমিকবান্ধব মনোভাবের কারণে শ্রম আইনে সংশোধন এনে ৩ বৎসর পরপর মজুরি বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, যার ৩ বৎসর শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। আরেকটি কথা না বললেই নয়, দেশের বড় অর্থনৈতিক খাত পোশাকশিল্পে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। কিন্তু বাংলাদেশের পোশাকশিল্প ধ্বংসে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে দীর্ঘ দিন থেকে। বিভিন্ন দেশের কাছে এ শিল্পকে তুলে দিতে একটি স্বার্থান্বেষী মহল দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। শ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে, ট্রেড ইউনিয়ন করার চাপসহ বিভিন্নভাবে পোশাকশিল্পে অসন্তোষ তৈরি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। যেন অর্ডার কমে যায়, ক্রেতারা অন্য দেশের দিকে ঝুকে পরে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের গার্মেন্টস পণ্য স্বল্পমূল্যে পাওয়া যায়। শ্রমও ব্যয় কম হওয়ার ফলে উৎপাদন ব্যয় কম, যার ফলে অন্যান্য দেশ এদেশে কারখানা স্থাপন করেছে। এই শিল্প রক্ষায় গার্মেন্টস মালিকদের সরকার অনেক নানা সুযোগ সুবিধা দিয়ে থাকে । আমাদের পোশাকশিল্প এমনিতেই বহুমুখী প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে।
কাঁচামাল আমদানিনির্ভরতা, বিদ্যুৎ ও গ্যাসের অনিশ্চয়তা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, বন্দরের জটিলতা, ব্যাংকিং ও অর্থায়ন সমস্যা এবং আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। এর মধ্যে দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়া শিল্পের জন্য নতুন বিপর্যয় তৈরি করছে। তবে, এ শিল্প ধ্বংস হলে শুধু মালিক ক্ষতিগ্রস্ত হবে না, সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়বেন সাধারণ শ্রমিক ও তাঁদের পরিবার। তাই আমাদের মতপার্থক্য থাকতে পারে, দাবি-দাওয়া থাকতে পারে, শ্রমিক-মালিকের স্বার্থের দ্বন্দ্বও থাকতে পারে। কিন্তু কোনো সমস্যার সমাধান শিল্পকারখানা ধ্বংস করে হতে পারে না। তাই দেশের পোশাকশিল্পকে রক্ষা করতে হবে।
শ্রমিকের কর্মসংস্থান রক্ষা করতে হবে। উদ্যোক্তাদের বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রথম ধাপ হলো জীবনযাত্রার বর্তমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের নায্য মজুরি নির্ধারণ এবং তা নিয়মিত পরিশোধ করা। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে শ্রমিকের মজুরির ফারাক অনেক সময় এতটাই বেশি থাকে যে, মাস শেষ হওয়া তো দূরের কথা, দু’বেলা ডাল-ভাত জোগাড় করতেই তাদের হিমশিম খেতে হয়। এ ছাড়া কারখানায় অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা, পর্যাপ্ত আলো-বাতাস, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন ছুটির মতো মৌলিক অধিকারগুলো কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। কারণ, পোশাকশিল্প বাঁচলে কর্মসংস্থান বাঁচবে, কর্মসংস্থান বাঁচলে অর্থনীতি বাঁচবে।
আর অর্থনীতি দুর্বল হলে তার প্রভাব থেকে কেউই মুক্ত থাকতে পারবে না। দেশের অর্থনৈতিক দুরবস্থায় পোশাকশিল্পকে বাঁচাতে মালিক, শ্রমিক ও সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং শ্রমিকদের জীবন জীবিকার স্বার্থে পোশাকশিল্পকে বাঁচাতে হবে। মালিকপক্ষ এবং উদ্যোক্তাদের বুঝতে হবে, শ্রমিকরা এই শিল্পের প্রতিপক্ষ নন, বরং প্রধান অংশীদার। কারখানার চাকা ঘুরলে যেমন মালিক লাভবান হন, তেমনি শ্রমিকদের জীবনমানের উন্নতি হলে দেশ এগিয়ে যায়। অন্যদিকে, শ্রমিকদেরও তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আলোচনার মাধ্যমে যৌক্তিক দাবি আদায়ের পথ বেছে নিতে হবে।
পরিশেষে বলা যায়, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দাঁড়িয়ে আছে এই খেটে-খাওয়া শ্রমিকদের ওপর। ভিত দুর্বল হলে যেমন ইমারত ধসে পড়ে, তেমনি শ্রমিকদের বঞ্চিত করে এই শিল্পকে টিকিয়ে রাখা অসম্ভব। তাই সময় এসেছে পোশাকশিল্পকে টিকিয়ে রাখার স্বার্থেই শ্রমিকদের সুরক্ষা, নায্য অধিকার এবং উন্নত জীবনমান নিশ্চিত করার।
লেখক: প্রকৌশলী ও কলামিস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








