সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হলে সরাসরি ‘না’ বলার অধিকার রয়েছে অভিনয়শিল্পীদের। এমন মন্তব্য করেছেন দক্ষিণী অভিনেত্রী ইনিয়া। সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এ সময় ব্যক্তিগত সীমারেখা ও সম্মতির গুরুত্ব বোঝাতে বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শের কথাও জানান এই অভিনেত্রী।
ইনিয়ার মতে, অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো দৃশ্যে অভিনয় করতে আপত্তি থাকলে শুটিং শুরুর আগেই নির্মাতাদের তা জানানো উচিত। কোনো শিল্পী খোলামেলা পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ না করলেও বিষয়টি স্পষ্টভাবে জানাতে হবে।
অভিনেত্রী বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য কোনো শিল্পীকে জোর করা যায় না। তার সম্মতি ছাড়া এ ধরনের দৃশ্যে অভিনয় করতে বাধ্য করার সুযোগ নেই। তবে নিজের অস্বস্তি ও আপত্তির বিষয়টি যথাসময়ে নির্মাতাদের জানানোও শিল্পীর দায়িত্ব।
সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে শুটিং সেটে অভিনয়শিল্পীদের সম্মতি ও ব্যক্তিগত সীমারেখা কতটা গুরুত্ব পায়, তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান জানিয়ে ইনিয়া বলেন, অভিনয়শিল্পীদের ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নিজের ব্যক্তিগত সীমারেখা বোঝাতে বাবার দেওয়া একটি পরামর্শের কথাও তুলে ধরেন ইনিয়া। তিনি জানান, তার বাবা সব সময় বলতেন, নিজের ঘর একটি ব্যক্তিগত জায়গা। সেখানে কাউকে প্রবেশ করতে দিতে হলে দরজা খোলার সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই। অর্থাৎ নিজের ব্যক্তিগত পরিসরে কে প্রবেশ করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে।
ইনিয়ার মতে, কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। তাই কোনো দৃশ্যে অভিনয়ের আগে নিজের সীমারেখা পরিষ্কার করা জরুরি। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করেও দৃশ্য ধারণ করতে পারেন।
উল্লেখ্য, সম্প্রতি নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’ গত ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন ইনিয়াও।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








