জলবায়ু পরিবর্তনের জন্য যারা সবচেয়ে কম দায়ী, তারাই আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অথচ জলবায়ু সংকট মোকাবিলায় তাদেরই সবচেয়ে বেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ ‘ঋণ নয়, আমরা অনুদান চাই’- এই যে দাবি তুলে ধরেছেন, তা শুধু বাংলাদেশের দাবি নয়; বরং জলবায়ু ঝুঁকিতে থাকা বিশ্বের সব উন্নয়নশীল দেশের ন্যায্য অধিকার ও বঞ্চনার প্রতিফলন।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, কৃষি, জীববৈচিত্র্য, জনস্বাস্থ্য ও অর্থনীতি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সংকট দেশের মানুষের জীবন ও জীবিকাকে কঠিন করে তুলছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম। ফলে, জলবায়ু সংকটের দায় ও ক্ষতির মধ্যে যে বৈশ্বিক বৈষম্য রয়েছে, তা দূর করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে ব্যয়, জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধ স্থগিত, ঋণ মওকুফ, পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য পাঁচ দফা পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এসব প্রস্তাব সময়োপযোগী ও বাস্তবসম্মত। বিশেষ করে, জলবায়ু অর্থায়নকে নতুন ঋণের বোঝায় পরিণত না করে অনুদানভিত্তিক করার দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতেই যখন একটি দেশকে বিপুল অর্থ ব্যয় করতে হয়, তখন নতুন ঋণ তার অর্থনৈতিক সংকট আরো গভীর করে। তবে, শুধু আন্তর্জাতিক সম্মেলনে দাবি জানালেই চলবে না। এসব দাবিকে কার্যকর সিদ্ধান্তে পরিণত করতে হবে। উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু তহবিলের অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে, যাতে প্রকৃত ঝুঁকিতে থাকা দেশগুলো দ্রুত সহায়তা পায়।
অন্যদিকে, বাংলাদেশকেও নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, নদী ও খাল পুনর্খনন, উপকূলীয় বনায়ন, জলবায়ু সহনশীল কৃষি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ ও সুশাসন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের পরিকল্পনা বাস্তবায়নে শুধু ঘোষণা নয়, কার্যকর তদারকিও জরুরি। এসব প্রকল্পে স্বচ্ছতা ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে হবে। এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ার প্রত্যয় নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটাতে হবে। নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে জলবায়ু কার্যক্রমে সম্পৃক্ত করাও জরুরি।
জলবায়ু পরিবর্তন কোনো একক দেশের সমস্যা নয়; এটি বৈশ্বিক অস্তিত্বের সংকট। তাই দায়িত্বের ভিত্তিতে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সংহতিই হতে পারে এর কার্যকর সমাধান।
বাংলাদেশের দাবি স্পষ্ট- জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে আর ঋণের বোঝা চাপিয়ে নয়, ন্যায্য অধিকার হিসেবে অনুদান ও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের এখন কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








