বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে আইন ও প্রশাসনের তোয়াক্কা না করেই চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। শুক্রবার সরেজমিনে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকায় গিয়ে দেখা গেছে, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে রীতিমতো বালুর সাম্রাজ্য গড়ে তুলেছে একটি সশস্ত্র প্রভাবশালী চক্র।
আমতলী, ধূইল্যা ও গরুরলোডা—এই তিনটি গ্রাম নিয়ে গঠিত পূর্বচাম্বী ওয়ার্ডের মাত্র এক কিলোমিটার এলাকার মধ্যে অন্তত ১২টি পয়েন্টে ৩০টিরও বেশি ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বিরামহীনভাবে বালু তোলা হচ্ছে। আমতলী এলাকার মেম্বার ছৈয়দুর রহমানের বাড়ির পূর্বপাশে ডলুখাল ও গরুরলোডা খালের মোহনায় (মোস্তফা নগরের পেছনে) গিয়ে দেখা যায়, উত্তোলন করা প্রায় লক্ষাধিক ঘনফুট বালু স্তূপ করে রাখা হয়েছে। এছাড়া গরুরলোডা গ্রামের সাবেক মেম্বার হারিস মিয়ার বাড়ির পাশে তিনটি স্তূপে আরও ৩ থেকে ৪ লাখ ঘনফুট বালু জমা করা হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, প্রতিদিন কমপক্ষে ৪ শতাধিক ট্রাক ও ডাম্পারে করে এই লাল বালু লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় পাচার করা হচ্ছে। দিনভর এলাকা কিছুটা শান্ত থাকলেও রাত নামলেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার ৪-৫টি সংঘবদ্ধ গ্রুপ মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে এই বালু উত্তোলন ও পাচার নিয়ন্ত্রণ করছে। তাদের সাথে স্থানীয় ১৫-২০ জন সুবিধাভোগী জড়িত থাকায় ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারছেন না।
সরেজমিন পরিদর্শনের সময় দেখা যায়, ‘লট নং-১০২’ নম্বরযুক্ত একটি ডাম্পারে বালু লোড করা হচ্ছে। গণমাধ্যমকর্মী হিসেবে ছবি তোলার সময় বালুখেকোদের মধ্যে বিন্দুমাত্র ভয় বা বিচলিত ভাব দেখা যায়নি। বরং তাদের আচরণে এমন এক দম্ভ প্রকাশ পাচ্ছিল, যেন প্রকৃতি ধ্বংস করে তারাই সঠিক কাজ করছেন আর সংবাদকর্মীরাই সেখানে অনধিকার চর্চা করছেন।
একসময় খাল ও ছড়ায় অবৈধ বালু উত্তোলনের স্থানে সাংবাদিকদের উপস্থিতি টের পেলেই বালুখেকোরা পালিয়ে যেত। কিন্তু বর্তমান বাস্তবতায় উল্টো সংবাদকর্মীদেরই নিরাপত্তাহীনতায় পড়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের মতে, দুর্বল আইনি ব্যবস্থা এবং কতিপয় নামধারী ও অসাধু সংবাদকর্মী সামান্য স্বার্থে এই চক্রের কাছে নিজেদের বিকিয়ে দেওয়ায় বালুখেকোরা আজ এতটা বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল ও দেলোয়ার হোসেন আতঙ্কের সঙ্গে জানান, দিনরাত ড্রেজারের বিকট শব্দে তারা কোনো কাজ করতে পারেন না এবং নির্ঘুম রাত কাটাতে হয়। নির্বিচারে বালু তোলার ফলে ইতিমধ্যে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যা থেকে সরকার কোনো রাজস্বও পাচ্ছে না।
এদিকে ডলুখাল, ধূইল্যাখাল ও গরুরলোডা ছড়ায় বালুর মজুত কমে আসায় চক্রটি এখন আরও গহীনে নতুন পয়েন্ট তৈরি করছে। বর্তমানে গজালিয়া ইউনিয়নের ঢেঁকিছড়া, বাইশপাড়ি, চিন্তাবরপাড়া এবং আজিজনগর ইউনিয়নের গরুরলোডার উজান অংশ ও বাছুরী পাড়ায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে পাহাড়ি ছড়াগুলো অস্তিত্ব হারাবে এবং ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, "অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। উপজেলা প্রশাসন যেকোনো পদক্ষেপ নিলে পুলিশ তাতে সর্বাত্মক সহায়তা করবে।"
তবে এই ভয়াবহ নৈরাজ্য ও প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে বান্দরবানের জেলা প্রশাসক, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউই ফোন রিসিভ করেননি। প্রশাসনের এমন নীরবতায় জনমনে প্রশ্ন উঠেছে—পরিবেশ ধ্বংসকারী এই বেপরোয়া সিন্ডিকেটের লাগাম টানবে কে?


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








