দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা, স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ, আলোচনা সভা ও সম্মাননা প্রদান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. মো. মোফাক্ষারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বতীপুর ও ফুলবাড়ীতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও আধুনিকায়নে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ অঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান সার্জন অধ্যাপক ডা. মো. খাদেমুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আলতাফ হোসেন এবং পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। আয়োজকদের আশা, এ আয়োজন স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









