ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার আখাউড়া উপজেলা বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা বিএনপির নজরে আসে। এ ঘটনাকে দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বলা হয়, এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান করা হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলামকে। অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম চপল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম মোল্লা এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের কাছে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবারের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ সময় দলীয় কার্যালয়ও ভাঙচুরের ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









