‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এ স্লোগান সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
উপজেলা সুজনের সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। প্রধান বক্তা ছিলেন সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলছিটি পৌর কমিটির সাধারণ সম্পাদক খালিদ হাসান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান আরেফিন।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোহাসীন, সুজন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদ্যাৎ আলম, সহসভাপতি আ. কদ্দুস তালুকদার, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, পৌর কমিটির সভাপতি একরামুল করিম মিঠু ও সহসভাপতি শরীফুল ইসলাম পলাশ। এ ছাড়া শহিদুল ইসলাম সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন ও সোচ্চার হতে হবে। একই সঙ্গে খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত সমাজ এবং দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করার দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









