নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. কামরুল আলম। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এতে পাংশা পৌর শহরের রাজপথ মুখর হয়ে ওঠে।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









