রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২ থেকে শুরু হওয়া এই অনলাইন আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন।
এ ছাড়া এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর আবেদনের জন্য আলাদাভাবে ৫ থেকে ৭ দিন অতিরিক্ত সময় দেওয়া হবে।
নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক শূন্য এবং মোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে।অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং মোট জিপিএ ৭ দশমিক ৫০ থাকতে হবে। জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪ টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড ও ৩টি বিষয়ে ন্যূনতম ‘সি’ গ্রেড থাকতে হবে।
এবছরেই প্রথম একযোগে দেশের আটটি বিভাগীয় শহরে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








