চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক কৃষিবিদ কামরুল আরেফিন বলু (৬৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে ভকেশনাল এলাকায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি নয়নশুকা এলাকার মরহুম মুনজুর মিয়ার ছোট ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কামরুল আরেফিন বলু চাঁপাইনবাবগঞ্জের একজন পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত ছিলেন। জীবদ্দশায় মসজিদ, মাদ্রাসা এবং অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা করে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








