পাঁচ দশকেরও বেশি সময় ধরে ৬ শতাধিক সিনেমায় কাজ করা প্রবীণ তেলুগু অভিনেতা, পরিচালক ও প্রযোজক গিরি বাবু মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে।
শনিবার (১৪ নভেম্বর) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করেছেন।
কখনো খলনায়ক, কখনো কৌতুকাভিনেতা, আবার কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। ১৯৪৬ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। তার আসল নাম ইয়েরা শেষাগিরি রাও।
ছোটবেলা থেকেই অভিনয় ও নাটকের প্রতি আগ্রহ ছিল তার। ১৯৭৩ সালে ‘জাগমে মায়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করলেও পরে খলনায়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।
১৯৭৭ সালে মুক্তি পাওয়া পৌরাণিক সিনেমা ‘কুরুক্ষেত্রম’-এ তার অভিনয় বিশেষভাবে স্মরণীয়। এ ছাড়া ‘জ্যোতি’, ‘পাসিভাদি প্রণাম’, ‘হ্যালো ব্রাদার’, ‘সিসিন্দ্রি’, ‘লিটল সোলজার্স’ ও ‘নিনে পেলাডেটা’ তার উল্লেখযোগ্য সিনেমা।
নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে ‘গামিম’, ‘গীতা গোবিন্দম’, ‘জাতি রত্নালু’ ও ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়ও কাজ করেছেন তিনি।
তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘রানারিঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নী সুখামে নে কোরুথুন্না’। এ ছাড়া কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে শ্রীদেবীকে বিয়ে করেন গিরি বাবু। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে রঘু বাবু তেলুগু চলচ্চিত্রের পরিচিত কৌতুকাভিনেতা। ছোট ছেলে বোস বাবুও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। ২০১৬ সালে মারা যান তার স্ত্রী শ্রীদেবী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








