রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের বাসিন্দা। তিনি ফুল মিয়ার ছেলে। পেশাগতভাবে তিনি প্রাণ-আরএফএল কোম্পানির লাচ্চি গ্রুপের এসআর কাম ডিলার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, কোম্পানির একটি সভায় যোগ দিতে তিনি মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে কাউনিয়ার ভেলুপাড়া বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








