সুরের জন্ম কি সব সময় সচেতন পরিকল্পনা থেকে, নাকি কখনো তা মনের গভীরে হঠাৎ জেগে ওঠা এক বিস্ময়? জাপানি সুরকার ও সংগীত প্রযোজক আকিরা কোসেমুরার কাছে সংগীতের সৃষ্টিপ্রক্রিয়া অনেকটা এমনই এক রহস্য। শৈশবে চলচ্চিত্রের আবহসংগীতের প্রতি মুগ্ধতা থেকে তার সংগীতের যাত্রা শুরু। পরে প্রকৃতির শব্দ, পাখির ডাক, বাতাসে গাছের পাতার নড়াচড়া, মানুষের হাসি কিংবা শহরের কোলাহল—চারপাশের নানা শব্দ তার সুরের জগৎকে সমৃদ্ধ করেছে।
‘১৫ কোয়েশ্চনস’কে দেওয়া এই সাক্ষাৎকারে কোসেমুরা কথা বলেছেন তার সৃষ্টিশীল ভাবনা, সংগীত রচনার প্রক্রিয়া, নীরবতার ভূমিকা, প্রযুক্তি ও কল্পনার সম্পর্ক এবং দৈনন্দিন জীবনের অনুপ্রেরণা নিয়ে। তার অ্যালবাম ‘ইন দ্য ডার্ক উডস’ তৈরির অভিজ্ঞতার মধ্য দিয়ে উঠে এসেছে এক সংগীতস্রষ্টার ব্যক্তিগত জগৎ—যেখানে সুরের জন্ম অনেক সময়ই তার নিজের নিয়ন্ত্রণের বাইরে, এক অলৌকিক মুহূর্তের মতো।
সংগীত রচনা ও প্রযোজনার জগতে আপনার যাত্রা শুরু হয়েছিল কীভাবে? ছোটবেলায় কোন সংগীত বা শিল্পীদের প্রতি আপনার বিশেষ আকর্ষণ ছিল? সংগীতের এমন কী বিষয় আপনাকে টেনেছিল, যা শেষ পর্যন্ত আপনার জীবনের অংশ হয়ে উঠল?
আকিরা কোসেমুরা: আমার সংগীত রচনার শুরু প্রায় সতেরো বছর বয়সে। যদিও তিন বছর বয়স থেকেই ক্লাসিক্যাল পিয়ানো শিখেছিলাম, হাইস্কুলে ওঠার আগেই সেই চর্চা ছেড়ে দিই। দীর্ঘ সময় পিয়ানো বাজানোও হয়নি। আসলে ছোটবেলায় নিয়মিত অনুশীলন করাটা আমার কাছে ভীষণ একঘেয়ে মনে হতো। তখন সংগীতের প্রতি আগ্রহ থাকলেও পিয়ানোর সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করার ধৈর্য ছিল না।
আমার সংগীত-আকর্ষণের বড় জায়গা ছিল চলচ্চিত্রের আবহসংগীত। দশ বছর বয়সে সিনেমা হলে ‘টাইটানিক’ দেখেছিলাম। জেমস হর্নারের সংগীত আমাকে গভীরভাবে আলোড়িত করেছিল। সেল্টিক সংগীতের সুর, সুন্দর মেলোডি, অর্কেস্ট্রেশনের সঙ্গে ইলেকট্রনিক শব্দের মিশ্রণ—সবকিছু মিলিয়ে এক নতুন জগৎ আবিষ্কার করেছিলাম যেন। সেটাই ছিল নিজের টাকায় কেনা আমার প্রথম সংগীতের অ্যালবাম। একই সময়ে জন উইলিয়ামস ও অ্যালান সিলভেস্ট্রির চলচ্চিত্রের সংগীতও শুনতাম। তাদের কাজ থেকে অনেক কিছু শিখেছি। তবে তখনো নিজেকে সংগীত রচয়িতা হিসেবে কল্পনা করিনি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় একটি ল্যাপটপ কিনলাম। তারপর চারপাশের শব্দ রেকর্ড করতে শুরু করি। পাখির ডাক, গাছের পাতায় বাতাসের শব্দ, মানুষের হাসি, যানবাহনের আওয়াজ—যা শুনতাম, সবই ধরে রাখার চেষ্টা করতাম। পৃথিবীর নানা রকম শব্দ আমাকে আকর্ষণ করত। সেগুলোর সঙ্গে ছোট ছোট বাদ্যযন্ত্রের সুর মিশিয়ে কিছু তৈরি করতে চাইতাম। অনেকটা চলচ্চিত্র সম্পাদনার মতো, তবে সেখানে ছবির বদলে কাজ করত শুধু শব্দ। সেখান থেকেই আমার সংগীতযাত্রার শুরু। পরে অ্যালবাম প্রকাশ করলাম, আর ধীরে ধীরে সংগীত রচয়িতা হিসেবে নিজের পরিচয় তৈরি হলো। এখনো একটি গান বা অ্যালবামে বিভিন্ন ধরনের সংগীত ও শব্দের মিশ্রণ ঘটানোর প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে।
একজন শিল্পীর নিজস্ব কণ্ঠস্বর তৈরি হওয়ার আগে সাধারণত শেখার, অন্যের কাজ থেকে প্রভাবিত হওয়ার এবং কখনো অনুকরণ করার একটি পর্যায় থাকে। আপনার ক্ষেত্রে এই বিকাশ কীভাবে ঘটেছে? অন্যের কাছ থেকে শেখা আর নিজের সৃষ্টিশীলতা খুঁজে পাওয়ার মধ্যে সম্পর্কটি কীভাবে দেখেন?
আকিরা কোসেমুরা : ২০০৭ সালে অস্ট্রেলিয়ার নিরিক্ষাধর্মী পপ সংগীতের প্রতিষ্ঠান লেবেল থেকে আমার প্রথম একক অ্যালবাম ‘ইটস অন এভরিথিং’ প্রকাশিত হয়। তখন আমার বয়স প্রায় একুশ। এর আগে ও পরে অ্যাম্বিয়েন্ট, ইলেকট্রনিক, মিনিমাল ও পরীক্ষামূলক সংগীতের অসংখ্য অ্যালবাম শুনেছি। স্টিভ রাইখ, ফিলিপ গ্লাস, জন অ্যাডামস, ব্রায়ান ইনো, রিওজি ইকেদা, আলভা নোটো, ফেনেস—অনেক শিল্পীর কাজ আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। লরেন্স ইংলিশের কাজও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। তবে নির্দিষ্ট করে বলতে পারব না, কে বা কারা আমার সংগীতকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন। তাদের কাজ শুনে আমি খুব অনুপ্রাণিত হতাম। মনে হতো, সংগীতের জগৎ কত বিস্তৃত হতে পারে, কত বিচিত্র পথে এগিয়ে যেতে পারে।
শুরুতে সংগীত রচনা ও প্রযোজনার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল? সময়ের সঙ্গে সেই চ্যালেঞ্জগুলো কীভাবে বদলেছে?
আকিরা কোসেমুরা : শুরুতে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের কাছে সৎ থাকা। আমি কী শুনতে চাই, কী ধরনের সংগীত তৈরি করতে চাই, কোন সংগীত আমার প্রয়োজন—এই সহজ প্রশ্নগুলোর উত্তর খুঁজতাম। বিষয়গুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার বিশ্বাস, গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রায়ই সহজ। আর বিভিন্ন ধরনের সংগীত ও শব্দকে একই অ্যালবাম কিংবা গানের মধ্যে মিশিয়ে দেওয়ার আগ্রহ আমার সব সময়ই ছিল। নতুন কিছু তৈরি করার জন্য এই সংমিশ্রণ খুব জরুরি বলে মনে করি।
আপনার প্রথম স্টুডিও কেমন ছিল? সময়ের সঙ্গে কাজের জায়গা ও প্রয়োজনীয় যন্ত্রপাতিতে কী ধরনের পরিবর্তন এসেছে?
আকিরা কোসেমুরা : আমার প্রথম স্টুডিও ছিল খুব ছোট একটি ঘর। একটি টেবিলের ওপর ল্যাপটপ, পাশে একটি কিবোর্ড এবং একটি আপরাইট পিয়ানো—এই ছিল সবকিছু। তখন আমার জন্য এটুকুই যথেষ্ট ছিল। ২০০৭ সাল থেকে আমি নিজের সংগীত লেবেল ‘স্কোল রেকর্ডস’ পরিচালনা করছি। এখন লেবেলের প্রযোজনা অফিসই আমার স্টুডিও হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি চলচ্চিত্রের জন্যও সংগীত তৈরি করি। ফলে কাজের প্রয়োজনেই বিভিন্ন বাদ্যযন্ত্র ও সরঞ্জাম যোগ হয়েছে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র এখনো পিয়ানো। সিন্থেসাইজারও নতুন নতুন ভাবনার দরজা খুলে দেয়। কিন্তু সংগীত রচনার সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনো যন্ত্র নয়—কল্পনাশক্তি।

প্রযুক্তি আপনার সৃষ্টিশীলতার সঙ্গে কীভাবে কাজ করে? মানুষ ও যন্ত্রের সক্ষমতার মধ্যে পার্থক্য কোথায়?
আকিরা কোসেমুরা : আমি প্রযুক্তিকে ব্যবহার করি অনেকটা অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের মতোই। আমার কাছে সৃষ্টিশীলতা মানে কল্পনাশক্তি। প্রযুক্তি সেই কল্পনার সম্ভাবনাকে আরও বিস্তৃত করার উপকরণ। সফটওয়্যার আমাকে এমন কিছু করতে সাহায্য করে, যা শুধু বাদ্যযন্ত্র দিয়ে সম্ভব নয়। কখনো কোনো সফটওয়্যারের বিশেষ বৈশিষ্ট্য আমাকে নতুন সংগীতের ধারণা দেয়। কিন্তু সফটওয়্যার নিজে সংগীত তৈরি করে না, নিজে কিছু কল্পনাও করে না। সেটি পারে মানুষ। প্রযুক্তি মানুষের সৃষ্টিশীলতাকে অনুপ্রাণিত করতে পারে, কিন্তু স্রষ্টা হতে পারে না।
অন্য শিল্পীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আপনার পছন্দের পদ্ধতি কী? ফাইল আদান-প্রদান, একসঙ্গে বাজানো, নাকি ধারণা নিয়ে আলোচনা—কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ?
আকিরা কোসেমুরা : আমি সব পদ্ধতিতেই কাজ করি। কখনো ফাইল আদান-প্রদান করি, কখনো একসঙ্গে বাজাই, কখনো শুধু ধারণা নিয়ে কথা বলি। সহযোগিতার মূল উদ্দেশ্য হওয়া উচিত এমন কিছু তৈরি করা, যা একা আমার পক্ষে সম্ভব নয়। তাই প্রয়োজন অনুযায়ী সব ধরনের পথই খোলা রাখা দরকার। তবে ফাইল আদান-প্রদানের মাধ্যমে কাজ করাটা আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয়। কারণ এর ফলে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সঙ্গে একই টেবিলে বসে কাজ না করেও সংগীত তৈরি করা সম্ভব।
আপনার একটি সাধারণ দিনের কথা বলবেন? সংগীত কি আপনার কাছে নির্দিষ্ট কর্মঘণ্টার বিষয়, নাকি জীবনের অন্য অভিজ্ঞতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে?
আকিরা কোসেমুরা : সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠি। আমার স্ত্রী ও দুই বছরের ছেলের সঙ্গে নাশতা করি। কিছুক্ষণ ছেলের সঙ্গে খেলি। তারপর সাইকেল ও ট্রেনে করে স্টুডিওতে যাই। নির্দিষ্ট কোনো সময়সূচি নেই, যদিও দিনের কাজকর্ম শেষ পর্যন্ত প্রায় একই রকম হয়ে যায়। আমার কাছে সংগীত তৈরি করা জীবনের অন্য সবকিছুর সঙ্গে গভীরভাবে যুক্ত। চারপাশের সবকিছু থেকেই অনুপ্রেরণা আসে—ঋতুর বাতাস, আবহাওয়া, কোনো পরিচিত গন্ধ, আমার ছেলে, স্ত্রী, গাছের শব্দ, মানুষের হাসি, গাড়ির জানালা দিয়ে দেখা দৃশ্য, যানজটের আওয়াজ, চলচ্চিত্র, বই, ছবি কিংবা অন্যের সংগীত।
জীবনের এসব অভিজ্ঞতা আমি নিজের মধ্যে জমিয়ে রাখি। কখনো সেগুলো কোনো সুর হয়ে ফিরে আসে, কখনো শব্দের আকারে। সংগীত যেন অনেক সময় আমার মনের মধ্যেই তৈরি হতে থাকে।
আপনার অ্যালবাম ‘ইন দ্য ডার্ক উডস’ নিয়ে কিছু বলবেন? এর ধারণা কোথা থেকে এল, আর কীভাবে সেটি পূর্ণাঙ্গ সংগীতের রূপ পেল?
আকিরা কোসেমুরা : অ্যালবামটা তৈরির শুরুতে আমি নিজের গভীরে প্রবেশ করতে চেয়েছিলাম। নিজের ভেতর থেকে উঠে আসা শব্দগুলো শুনতে চেয়েছিলাম। প্রথমে নিজের নীরবতাকে খুঁজে পাওয়া এবং তার মুখোমুখি হওয়াই ছিল আমার উদ্দেশ্য। এটা ছিল খুব ব্যক্তিগত একটি চ্যালেঞ্জ। কিন্তু আমার মনে হয়েছিল, এই কাজটি আমাকে করতেই হবে। আমার ছেলে জন্মের পর থেকে আমার জীবনে বিরাট অনুপ্রেরণা হয়ে উঠেছে। তার কাছ থেকে অনেক নতুন কিছু শিখেছি। আগে মনে করতাম, মানুষের ব্যক্তিত্ব মূলত বেড়ে ওঠার পরিবেশের প্রভাবে তৈরি হয়। কিন্তু আমার ছেলে যখন নিজে দাঁড়াতে শিখল, তখনই তার মধ্যে নিজস্ব চরিত্র ও ব্যক্তিত্বের প্রকাশ দেখতে পেলাম। বিষয়টি আমাকে বিস্মিত করেছিল। একই সঙ্গে তার মধ্যে আমার বাবা-মা ও দাদা-দাদির কিছু বৈশিষ্ট্যও দেখতে পাই। তখন উপলব্ধি করি, রক্তের সম্পর্ক এবং ডিএনএর ভূমিকা আমার কল্পনার চেয়েও অনেক বেশি গভীর।
এই অভিজ্ঞতাগুলো আমার মনে থেকে গেছে এবং অ্যালবামটির সংগীত ভাবনায়ও প্রভাব ফেলেছে। শুরুতে কাজটি ছিল নিজের ভেতরের নীরবতাকে খুঁজে পাওয়ার ব্যক্তিগত চেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত এর বিষয়বস্তু আরও বিস্তৃত হয়েছে—প্রকৃতির চক্র, জীবনের ধারাবাহিকতা এবং এক বৃহত্তর মহাবিশ্বের দিকে।
সৃষ্টিশীলতার জন্য আদর্শ মানসিক অবস্থা নিয়ে অনেক কথা বলা হয়। আপনার ক্ষেত্রে সেই অবস্থাটি কেমন? কোনো বিশেষ পরিবেশ বা কৌশল কি আপনাকে সেখানে পৌঁছাতে সাহায্য করে?
আকিরা কোসেমুরা : সত্যি বলতে, আমি নিজেও ঠিক জানি না। প্রায় দশ বছর ধরে সংগীত রচনা করছি। আগের তুলনায় এখন নিজের কল্পনায় শোনা সংগীতকে বাস্তবে রূপ দেওয়ার দক্ষতা অনেক বেড়েছে। কিন্তু সৃষ্টিশীলতার একেবারে প্রথম মুহূর্তটি সব সময়ই হঠাৎ আসে। আমার ইচ্ছা বা নিয়ন্ত্রণের মধ্যে সেটি থাকে না। আমার কাছে বিষয়টি সব সময় এক ধরনের অলৌকিক ঘটনা বলে মনে হয়। সংগীত রচনা করতে ভালো লাগে, কিন্তু কাজটি শুধু আনন্দের নয়। এটি কঠিন পরিশ্রমও। আমি সব সময় সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করি, যখন হঠাৎ নতুন কোনো ধারণা এসে উপস্থিত হবে। যদি এমন কোনো সহজ কৌশল থাকত, যার সাহায্যে সৃষ্টিশীলতার সেই অবস্থায় পৌঁছানো যায়, তাহলে আমিও তা জানতে চাইতাম। কিন্তু আমার মনে হয়, এর কোনো সহজ পথ নেই।
স্টুডিওতে সংগীত রচনা এবং মঞ্চে সরাসরি পরিবেশনের মধ্যে আপনার কাছে সম্পর্কটি কী? তাৎক্ষণিকভাবে তৈরি হওয়া সংগীত বা ইম্প্রোভাইজেশন কীভাবে পূর্ণাঙ্গ কম্পোজিশনে রূপ নেয়?
আকিরা কোসেমুরা : আমার কাছে মঞ্চে সংগীত পরিবেশন হলো শ্রোতাদের সঙ্গে এক ধরনের যোগাযোগ। আর স্টুডিওতে সংগীত তৈরি করা হলো নিজের মনের সঙ্গে কথোপকথন। দুটির উদ্দেশ্য আলাদা। সংগীত রচনার ক্ষেত্রে আমার দুটি পদ্ধতি রয়েছে। প্রথমত, পিয়ানো বা অন্য কোনো যন্ত্রে তাৎক্ষণিকভাবে কিছু বাজাতে শুরু করি। সেখান থেকে কোনো ছোট সুর বা হারমনি আমার মনোযোগ আকর্ষণ করে। তারপর সেটিকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ সংগীত রচনা ও বিন্যাসের কাজ শুরু হয়। দ্বিতীয় পদ্ধতিতে কোনো যন্ত্র বাজানোর প্রয়োজন হয় না। আমার মাথার ভেতর যে সংগীত শুনতে পাই, সেটিই সরাসরি লিখে ফেলি।
তাই ইম্প্রোভাইজেশন ও কম্পোজিশন আমার কাছে পরস্পরের খুব কাছের সহযোগী। একটির ভেতর দিয়ে অন্যটির জন্ম হতে পারে।
একটি সংগীতের সুর বা কম্পোজিশনের পাশাপাশি তার শব্দের ধরন, টেক্সচার ও আবহ কতটা গুরুত্বপূর্ণ?
আকিরা কোসেমুরা : দুটিকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমার কাছে শব্দের বৈশিষ্ট্য সংগীতের বিন্যাসেরই অংশ। অ্যাকুস্টিক ও ইলেকট্রনিক শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। পিয়ানো, স্ট্রিংস, বিভিন্ন বাদ্যযন্ত্র, মাঠপর্যায়ে রেকর্ড করা শব্দ, সিন্থেসাইজার, কিবোর্ড, ইফেক্টস ও প্লাগইন—সবকিছু নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চলে। বিভিন্ন শব্দকে একসঙ্গে মিশিয়ে দেখি। কখনো একটি অপ্রত্যাশিত মিশ্রণ থেকে এমন কিছু পাওয়া যায়, যা আগে কল্পনাও করিনি। এই পরীক্ষা-নিরীক্ষা আমার কাছে সংগীত রচনা ও বিন্যাসেরই অংশ।
আমাদের শোনার ক্ষমতা সঙ্গে অন্য ইন্দ্রিয়গুলোর সম্পর্কও বেশ আকর্ষণীয়। আপনার অভিজ্ঞতায় এমন কোনো মুহূর্ত আছে, যখন সংগীত ও চারপাশের বাস্তব শব্দ একসঙ্গে মিশে নতুন অনুভূতি তৈরি করে?
আকিরা কোসেমুরা : কানে হেডফোন লাগিয়ে বাইরে হাঁটতে পারেন। আমি প্রায়ই তা করি। তখন সংগীতের সঙ্গে চারপাশের পৃথিবীর শব্দ মিশে যায়। রাস্তার আওয়াজ, মানুষের কথাবার্তা, বাতাস কিংবা পাখির ডাক—সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি হয়।এই মিশ্রণটি খুবই স্বতন্ত্র এবং সুন্দর। পৃথিবীতে এমন অনুপ্রেরণার জায়গা অসংখ্য।
শিল্পের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়েও অনেক আলোচনা হয়। একজন শিল্পী হিসেবে আপনার কাছে সংগীতের উদ্দেশ্য কী?
আকিরা কোসেমুরা : আমি নিজেকে শিল্পী বলে ভাবি না। আমার জীবনে সংগীতের প্রয়োজনীয়তা অনেকটা খাওয়া, ঘুমানো কিংবা শ্বাস নেওয়ার মতো। সংগীত তৈরি করাই আমার উদ্দেশ্য। এর বাইরে অন্য কোনো কারণ আমার প্রয়োজন হয় না। আমার সংগীত যদি কখনো সামাজিক বা রাজনৈতিক কোনো ভূমিকা পালন করে, কিংবা মানুষকে আরও বেশি সম্পৃক্ত হতে সাহায্য করে, তাহলে অবশ্যই ভালো লাগবে। তবে সত্যি বলতে, সংগীত তৈরির সময় আমি এসব বিষয় নিয়ে বিশেষভাবে ভাবি না।
একুশ শতকে এসেও সংগীতের মৌলিক ধারণাটি প্রায় একই রকম রয়ে গেছে। ভবিষ্যতে সংগীত কী হতে পারে, তার বর্তমান রূপের বাইরে কোনো সম্ভাবনা কি আপনি কল্পনা করেন?
আকিরা কোসেমুরা : আমি সব সময় নতুন ধরনের সংগীতের ধারণা খুঁজে বেড়াই। এমন কিছু শুনতে চাই, যা আগে কখনো শুনিনি। সেই নতুন সংগীত তৈরি করতে প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে নিজস্ব ও সৃজনশীল উপায়ে। একই সঙ্গে অতীতের মহান সংগীত রচয়িতাদের কাজ থেকেও শিক্ষা নিতে হবে। আমার কাছে নতুন সংগীত তৈরির অর্থ অতীতকে অস্বীকার করা নয়। বরং অতীতের অভিজ্ঞতা ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এমন কিছু তৈরি করা, যা আগে কখনো শোনা যায়নি।

পরিচিতি
টোকিওতে ১৯৮৫ সালের ৬ জুন জন্মগ্রহণ করেন আকিরা কোসেমুরা। তিনি একজন স্বশিক্ষিত সুরকার, পিয়ানোবাদক ও সংগীত প্রযোজক। ২০০৭ সালে ইটস অন এভরিথিং অ্যালবামের মাধ্যমে তার সংগীতজগতে অভিষেক হয়। একই বছর তিনি প্রতিষ্ঠা করেন নিজের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্কোল রেকর্ডস’। পিয়ানো, তারের বাদ্যযন্ত্র, সিনথেসাইজার ও প্রকৃতির নানা শব্দ ব্যবহার করে তিনি তৈরি করেন নিজস্ব সংগীতভাষা। চলচ্চিত্র, টেলিভিশন, অ্যানিমে ও ভিডিও গেমের জন্যও সংগীত রচনা করেছেন তিনি। ২০২২ সালে যুক্ত হন ডেকা রেকর্ডসের সঙ্গে। তার উল্লেখযোগ্য অ্যালবাম সিজনস ও মিরাই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








