রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি অফিসে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাদের মধ্যে হাবিবুরের বাঁ হাত এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই কার্যালয়ে প্রবেশ করে। পরে দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। গুলির কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে কাজ করছে থানা পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াবদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








