২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ইভেন্টের চূড়ান্ত বাছাইপর্বের আয়োজক হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষদের বাছাইপর্ব। আর নারীদের বাছাইপর্ব আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় ২০৩৫ সাল পর্যন্ত আইসিসির গুরুত্বপূর্ণ পুরুষদের টুর্নামেন্টগুলোর সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে।
আইসিসির ঘোষণা অনুযায়ী, পুরুষদের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে নারীদের বাছাইপর্ব। এই দুই প্রতিযোগিতাই হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়ার চূড়ান্ত বাছাইপর্ব।
প্রতিটি বাছাইপর্বে আটটি করে দল অংশ নেবে। দলগুলোকে চারটি করে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে ফাইনালে। ফাইনালে জয়ী দল নিশ্চিত করবে অলিম্পিকে অংশ নেওয়ার শেষ সুযোগ।
এদিকে ২০২৮ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপ্রক্রিয়াও প্রকাশ করেছে আইসিসি। মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার লড়াইয়ে ১৬টি দল অংশ নেবে। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। এর প্রায় ছয় মাস পর ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে ২০২৭ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ভেন্যু এখনো ঘোষণা করেনি আইসিসি। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম ও নামিবিয়ার উইন্ডহুকে ম্যাচগুলো আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো বাকি।
এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু ও সময় নিয়েও সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। ২০২৯ সাল পর্যন্ত ইংল্যান্ডে ফাইনাল আয়োজনের পরিকল্পনার পাশাপাশি ২০৩১ সালের ফাইনালও দেশটিতে অনুষ্ঠিত হবে। ওই ফাইনালের সম্ভাব্য সময় ১২ থেকে ১৬ জুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








