ময়মনসিংহে বালু ব্যবসা করতে না দেওয়ার দ্বন্দ্বে সুরুজ্জামান (৩২) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি মহানগরীর ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বারেড়া এলাকায় মুজিব মার্কেটের ভুট্ট’র কাপড়ের দোকানের সামনে এই খুনের ঘটনা ঘটে।
নিহত সুরুজ্জামান স্থানীয় মধ্যবাড়েরা এলাকার বাসিন্দা মৃত আবু বক্কর সিদ্দিক ব্যাপারীর ছেলে। তিনি দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক। এর মধ্যে বড় ছেলের নাম আদিব মাহমুদ (১৩) এবং আদিবা (৪) নামের একটি মেয়ে সন্তান রয়েছে। পেশায় তিনি ফিসারি ও বালু ব্যবসা করতেন।
নিহতের বড় ভাই মহানগরীর ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুমান কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের একটি সন্ত্রাসী চক্র আগে এলাকায় বালু ব্যবসা করতো। এখন তাদের বালু ব্যবসা করতে না দেওয়ার কারণে আমার ভাইকে তারা প্রকাশ্যে খুন করেছে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পূর্বেও খুনের মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আমি আমার ভাই খুনের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এবিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত ব্যক্তি নিজ বাড়ি থেকে শিশু সন্তানসহ মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ঘটনাস্থল এলাকায় মোটরসাইকেলের গতি কমালে স্থানীয় মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








