গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৭টি কারখানা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা। তারা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান।
পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হলে পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








