শুষ্ক আবহাওয়ার প্রভাবে আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে শহরটি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর ১০টি এলাকায় দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।
সকাল সোয়া ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এ চিত্র উঠে আসে।
প্রতিষ্ঠানটির তাৎক্ষণিক বায়ুমান সূচক অনুযায়ী, সোমবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ছিল ৩০৬, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের বায়ুদূষণ হিসেবে বিবেচিত।

অন্যদিকে ২৫৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। আর ২০৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোরও ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুর নির্দেশক।
এ পরিস্থিতিতে রাজধানীবাসীকে ঘরের জানালা বন্ধ রাখার পাশাপাশি বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সোমবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত ১০টি এলাকার মধ্যে শীর্ষে রয়েছে গুলশান লেক পার্ক। এলাকাটির একিউআই স্কোর ছিল ৫১৬। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ‘জি’ এলাকায় ২৩৭, বারিধারা পার্ক রোডে ২২৫, বারিধারা লেক সাইডে ২১৮ এবং পুরান ঢাকার বেচারাম দেউড়িতে ২১২ স্কোর পাওয়া গেছে।

দূষণের তালিকায় আরও রয়েছে বাড্ডার প্রগতি সরণি (২১১), মাদানী অ্যাভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (২০৯), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (২০৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৯৩) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬২)।
একিউআই সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি মানের বায়ু হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ ঝুঁকিপূর্ণ পর্যায়ের বায়ুদূষণ নির্দেশ করে।
বিশেষজ্ঞদের নির্ধারিত এই সূচক অনুযায়ী, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দেওয়া হয়। আর দূষণের মাত্রা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছালে নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








