তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত এ সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার নতুন তারিখ পরে জানানো হবে।
সোমবার সকালে বোর্ড সচিব রাইসা আফরোজের পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মজুরি বোর্ডের তৃতীয় সভা কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে।
নির্ধারিত এ সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। তবে সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এরপরও ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতির মধ্যে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর ধীরে ধীরে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।
এদিকে চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
তৈরি পোশাক খাতে সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন কাঠামোয় সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। সেই হিসাবে চলতি নভেম্বরেই বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








