বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক আবুল কালাম। প্রচলিত ধান ও সবজি চাষের পাশাপাশি ফলের বাগান গড়ে তুলে তিনি এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। তাঁর ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝেও সৃষ্টি করেছে নতুন আগ্রহ।
কচুয়াপাড়া গ্রামের উঁচু ও দোআঁশ মাটি মাল্টা চাষের জন্য বেশ উপযোগী। এই সুযোগ কাজে লাগিয়ে আবুল কালাম তাঁর ২০ শতাংশ জমিতে গড়ে তুলেছেন মাল্টার বাগান। বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে অসংখ্য সবুজ ও রসালো মাল্টা। মাল্টা চাষের পাশাপাশি তিনি পেয়ারা, তিনফল, ডালিম, ড্রাগন ফল ও অনুপম জাতের কলাও চাষ করছেন।
সঠিক পরিচর্যা এবং স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করায় এবার বাগানে আশানুরূপ ফলন পেয়েছেন তিনি। বাগানের সতেজ মাল্টা দেখতে প্রতিদিনই আশপাশের এলাকার মানুষ ও নতুন উদ্যোক্তারা ভিড় করছেন। স্থানীয় বাজারেও তাঁর উৎপাদিত মাল্টার চাহিদা বাড়ছে।
কৃষক আবুল কালাম জানান, প্রচলিত ফসলের তুলনায় মাল্টা চাষে পরিচর্যার খরচ তুলনামূলক কম। অন্যদিকে বাজারে দেশি ফলের চাহিদাও ভালো। এ বছর তাঁর বাগানের মাল্টা বিক্রি করে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
তিনি আরও জানান, বিষমুক্ত ও রসালো মাল্টা উৎপাদনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ কারণে শেরপুর ও আশপাশের স্থানীয় বাজারগুলোতে তাঁর বাগানের মাল্টার প্রতি ক্রেতাদের আগ্রহ তৈরি হয়েছে।
আবুল কালামের এই উদ্যোগ প্রমাণ করেছে, পরিকল্পিতভাবে ফলের বাগান গড়ে তুলতে পারলে স্বল্প জমিতেও লাভজনক কৃষি উদ্যোগ নেওয়া সম্ভব। তাঁর সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও মাল্টাসহ বিভিন্ন দেশি ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








