টেস্ট ক্যারিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। পচেফস্ট্রুম থেকে জোহানেসবার্গ—দক্ষিণ আফ্রিকার মাটিতে তার সাবলীল ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ১৩৭ রানের ইনিংস। এই ইনিংসের মধ্য দিয়ে একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি ছাড়িয়ে গেছেন বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটারকে।
টেস্ট ক্যারিয়ারের প্রথম সাত ইনিংসে হৃদয়ের সংগ্রহ ৫১৫ রান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্ব ক্রিকেটে তার আগে মাত্র ১১ জন ব্যাটসম্যান প্রথম সাত ইনিংসে এত রান করেছেন। এই তালিকায় হৃদয়ের ওপরে রয়েছেন বিনোদ কাম্বলি, জাভেদ মিয়াঁদাদ ও হ্যারি ব্রুকের মতো তারকারা।
এ ছাড়া টেস্টে নিজের সর্বশেষ তিন ইনিংসে হৃদয়ের রান ৪৬১। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টানা তিন ইনিংসে এর আগে এত রান করার নজির নেই। ক্যারিয়ারের চতুর্থ টেস্টেই দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডেও ভাগ বসিয়েছেন।
এই টেস্টে হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তাঁদের ব্যাটিং দৃঢ়তায় প্রোটিয়াদের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৩২৭ রানের নতুন রেকর্ডও গড়েছে বাংলাদেশ।
এর আগে ঘরের মাঠে সিলেট টেস্টের এক ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়েছিলেন হৃদয়, যা টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। পাশাপাশি এক ইনিংসে দলের মোট রানের ৬২ শতাংশ একাই করার কীর্তিও রয়েছে তার দখলে, যা টেস্ট ক্রিকেটে অষ্টম সর্বোচ্চ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








