সাত বছর পর আবারও পরিচালকের আসনে ফিরছেন বলিউড অভিনেত্রী কাশমীরা শাহ। এবার মাইক্রো ড্রামা নির্মাণের মধ্য দিয়ে পরিচালনায় ফিরছেন তিনি। তবে শুধু পরিচালনা নয়, নতুন এই প্রজেক্টে অভিনয়ও করছেন কাশমীরা। তার দাবি, রিয়েলিটি শোয়ের জগতে প্রবেশের পর চলচ্চিত্রশিল্পের অনেকেই ভুলে গিয়েছিলেন যে তিনি একজন অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পরিচালনায় ফেরা এবং অভিনয়জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন কাশমীরা।
কাশমীরা জানান, অভিনয় থেকে পরিচালনায় আসার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। রিয়েলিটি শোতে কাজ শুরু করার পর ইন্ডাস্ট্রির অনেকেই তাকে আর অভিনেত্রী হিসেবে বিবেচনা করতেন না। এ কারণে নিজের অভিনয়ের সুযোগ তৈরি করতে তিনি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন এবং সেসব কাজে নিজেকেই অভিনয়ের জন্য বেছে নেন।
তার ভাষায়, ‘‘আমি যখন রিয়েলিটি শোর জগতে পা রাখি, তখন ইন্ডাস্ট্রি পুরোপুরি ভুলে গিয়েছিল যে আমি একজন অভিনেত্রী। এ কারণেই আমি সিনেমা বানাতে শুরু করি এবং সেগুলোতে নিজেকে অভিনয়ের জন্য নির্বাচন করি। কারণ, একজন অভিনেত্রী হিসেবে কাজ করাটা আমি খুব মিস করছিলাম। এখন সময় এসেছে তাদের উপলব্ধি করার যে আমিও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী।’’
নিজের অভিনয়জীবন নিয়ে কথা বলতে গিয়ে কাশমীরা বলেন, তিনি সব সময় সময়ের চেয়ে এগিয়ে থাকা গল্প ও চরিত্রে কাজ করতে চেয়েছেন। এমনকি অন্য অভিনেত্রীরা যে ধরনের নেতিবাচক বা পার্শ্বচরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন না, সেসব চরিত্রও তিনি গ্রহণ করেছেন।
২০০০ সালের সিনেমা ‘জঙ্গল’র কথা উল্লেখ করে তিনি বলেন, পরিচালক রাম গোপাল ভার্মা তাকে একটি ভিন্নধর্মী চরিত্রে দেখেছিলেন এবং তিনি সেই সুযোগ গ্রহণ করেছিলেন। তার মতে, সাহসী ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তের কারণেও অনেক সময় দর্শক ও চলচ্চিত্রশিল্প তাকে ভিন্নভাবে মূল্যায়ন করেছে।
সাত বছর পর পরিচালনায় ফিরে নতুন কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত কাশমীরা। গ্রিসে গত মাসে শুটিং হওয়া এই মাইক্রো ড্রামায় তার সঙ্গে অভিনয় করছেন করণ মেহরা, তনাজ ইরানি ও রাধিকা চৌধুরী। দীর্ঘ এক দশকের বেশি সময় পর অভিনয়ে ফিরছেন রাধিকা চৌধুরীও। ২০০৩ সালে ‘তেরে নাম’ সিনেমায় অভিনয়ের পর এটিই তার উল্লেখযোগ্য প্রত্যাবর্তন।
কাশমীরা জানান, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ও নতুন ধরনের কনটেন্ট নির্মাণের সুযোগ বেড়েছে। ফলে নির্মাতারা নিজেদের ভাবনা অনুযায়ী পরীক্ষামূলক কাজ করতে পারছেন। দুই দশক আগে যেসব গল্প নিয়ে কাজ করার স্বপ্ন দেখেছিলেন, এখন সেগুলো বাস্তবায়নের সুযোগ পাচ্ছেন তিনি।
পরিচালনার পাশাপাশি নিজের দুই সন্তানের জন্যও কাজের একটি গর্ব করার মতো উত্তরাধিকার রেখে যেতে চান এই অভিনেত্রী। অভিনেতা ও কৌতুকশিল্পী কৃষ্ণা অভিষেকের সঙ্গে তার দুই সন্তান রয়েছে। কাশমীরার কথায়, একসময় তার সন্তানরাও জানত না যে তাদের মা একজন অভিনেত্রী। একদিন বাড়িতে একজন কর্মী তার সঙ্গে কথা বলছিলেন। তখন এক সন্তান জানতে চায়, সবাই তার মায়ের সঙ্গে কথা বলছে কেন। মা যে একজন তারকা, তা জানার পর ছেলের উত্তর ছিল, সে ভেবেছিল শুধু তার বাবাই তারকা।
সেই ঘটনা তাকে নতুন করে কাজের প্রতি মনোযোগী হতে অনুপ্রাণিত করে। এখন তার সন্তানরাও বুঝতে শুরু করেছে, তাদের বাবা-মা দুজনই অভিনয়জগতের সঙ্গে যুক্ত।
নতুন এই মাইক্রো ড্রামার নাম ও মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এটি জি বুলেট প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








