সিরাজগঞ্জের তাড়াশে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (নাম) এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক স্মৃতি ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার রাতে ঝুরঝুরি বাজার এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা ওই নারীকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। এতে পুলিশের সন্দেহ হলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








