বগুড়ার মোকামতলায় নতুন থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস ছাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিকার বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল থানা ও পৌরসভা প্রতিষ্ঠা। স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোকামতলায় থানা ও পৌরসভা প্রতিষ্ঠিত হলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা প্রদান আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
উপজেলা প্রতিষ্ঠার পর এবার থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন মোকামতলার প্রশাসনিক কাঠামো সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








