নওগাঁর মান্দায় নৌকায় বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রশীদ ওরফে কালু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলার অপর আসামি পুষ্কর পলাতক রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর মা তাসলিমা বাদী হয়ে সোমবার মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী মহাদেবপুর উপজেলার পাঠাকাটা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সোমবার দুপুরে বিদ্যালয়ের টিফিনের ছুটিতে খাবার খেতে বাড়ি ফেরার পথে আয়াপুর-পাঠাকাটা ঘাট থেকে নৌকায় ওঠে সে। নৌকাটি আত্রাই নদীর মাঝামাঝি পৌঁছালে পুষ্কর পেছন থেকে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় রশীদ ওরফে কালু তাঁকে সহযোগিতা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








