ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ জন্য অ্যামাজনের ক্লাউডভিত্তিক তথ্য সংরক্ষণব্যবস্থায় ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি আপলোড করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথি অনুযায়ী, গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা ও স্থল অভিযান শুরুর পরের কয়েক মাসে এসব ছবি অ্যামাজনের ক্লাউডে স্থানান্তর করা হয়। ছবিগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিভাগের সংগ্রহে ছিল। বিভাগটি গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিপুলসংখ্যক ছবি সংরক্ষণ করে।
২০২৪ সালের শুরুর দিকে বিভাগটি অ্যামাজনকে ছবি আপলোডের সিদ্ধান্তের কথা জানায়। এর উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি বিশ্লেষণ ও মুখ শনাক্তকরণ ব্যবস্থা ‘রিকগনিশন’ ব্যবহার করে ফিলিস্তিনিদের ছবি বিশ্লেষণ করা।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে অ্যামাজনের ক্লাউড সেবা ও প্রযুক্তিগত অবকাঠামোর সম্পর্ক নিয়ে অনুসন্ধান করতে গিয়ে এসব নথি পাওয়া গেছে। নথি ও সামরিক সূত্রের সাক্ষাৎকার অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল বিপুল পরিমাণ তথ্য অ্যামাজনের তথ্যকেন্দ্রে স্থানান্তর করেছে। এর মধ্যে রয়েছে সংবেদনশীল গোয়েন্দা তথ্য এবং দখলদারত্বের অধীনে বসবাসরত ফিলিস্তিনিদের ব্যক্তিগত তথ্য।
তেল আবিবের কাছে অ্যামাজনের একটি তথ্যকেন্দ্রে এসব ছবি স্থানান্তর করে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘রোলিং স্টোন’ নামে পরিচিত একটি বিভাগ। এটি সামরিক বাহিনীর একটি সফটওয়্যার ইউনিটের অধীন। ফিলিস্তিনিদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ব্যবস্থার নাম থেকেই বিভাগটির নামকরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, ওই সময় বিভাগটি ফিলিস্তিনিদের ছবি বিশ্লেষণে মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছিল। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর বিভিন্ন তল্লাশিচৌকি অতিক্রমের সময় ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করত ইসরায়েলি সামরিক বাহিনী। বোমা হামলায় বাস্তুচ্যুত হওয়ার পর অনেক ফিলিস্তিনিকে এসব চৌকি পার হতে হয়েছিল।
তবে অ্যামাজনের ‘রিকগনিশন’ ব্যবস্থায় আপলোড করা ৩৫ লাখ ছবির সব কটি এসব তল্লাশিচৌকি থেকে সংগ্রহ করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। মুখ শনাক্তকরণ কার্যক্রম সম্পর্কে জানেন, এমন এক সামরিক সূত্র বলেছেন, তল্লাশিচৌকিতে বিপুলসংখ্যক ছবি সংগ্রহ করা হতো। এ কারণে অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করা হয়েছিল।
পশ্চিম তীরে দীর্ঘদিন ধরেই মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল। তল্লাশিচৌকিতে নিয়মিতভাবে মানুষের মুখের ছবি স্ক্যান করা হয়। এ ছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসরত মানুষের ছবি সংগ্রহে ইসরায়েলি সেনারা বিশেষভাবে তৈরি মুঠোফোনের অ্যাপ ব্যবহার করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলায় আটক ব্যক্তিদের শনাক্ত করতেও যুদ্ধের শুরুর দিকে অ্যামাজনের ‘রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করেছিল ইসরায়েল। একই সঙ্গে যাদের জঙ্গি বলে সন্দেহ করা হতো, তাদের শনাক্ত করতেও মুখ শনাক্তকরণ প্রযুক্তি কাজে লাগানো হয়।
এর আগে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, গাজায় জনসমাগম ও ড্রোনের ধারণ করা ভিডিও থেকে মানুষের মুখ শনাক্ত করতে বাণিজ্যিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা চালিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এ প্রক্রিয়ায় অনেক সময় বেসামরিক মানুষকে ভুলভাবে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
নতুন নথিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অ্যামাজনের সার্ভারে বিপুল পরিমাণ তথ্য স্থানান্তরের বিষয়টিও উঠে এসেছে। এসব তথ্যের মধ্যে ফিলিস্তিনিদের ব্যক্তিগত তথ্যও রয়েছে। সাধারণত মানুষের সম্মতি ছাড়াই বিভিন্ন উপায়ে এসব তথ্য সংগ্রহ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও গভীর হয়েছে বলে নথিগুলোতে ইঙ্গিত পাওয়া যায়। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যাসহ গুরুতর অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে বিভিন্ন পক্ষ। ইসরায়েল অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের একটি তদন্ত কমিশন, ইসরায়েলের মানবাধিকার সংগঠন এবং গণহত্যা বিষয়ে বিশেষজ্ঞদের অনেকে এ অভিযোগের পক্ষে অবস্থান নিয়েছেন।
অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) এক মুখপাত্র বলেছেন, তাদের গ্রাহকেরা ক্লাউডে কী ধরনের তথ্য বা কাজ সংরক্ষণ করছেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো ‘দৃশ্যমানতা’ নেই। গ্রাহকদের গোপনীয়তাকে সম্মান করার কথা জানিয়ে তিনি বলেন, গ্রাহকের সম্মতি ছাড়া তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করে না অ্যামাজন।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা
২০২৪ সালের শুরুর দিকে ইসরায়েলের কয়েকজন সেনাসদস্য তেল আবিবে অ্যামাজনের কার্যালয়ে কাজ করছিলেন। ইসরায়েলের অন্যতম উঁচু ভবনের ২৮ তলায় অবস্থিত ওই কার্যালয়ে তারা গাজায় চলমান মুখ শনাক্তকরণ কর্মসূচি আরও কার্যকরভাবে পরিচালনার উপায় খুঁজছিলেন বলে কয়েকটি সামরিক সূত্র জানিয়েছে।
তবে তাদের কাজটি বাস্তবে প্রয়োগ করা হয়েছিল কি না, কিংবা অ্যামাজনের ‘রিকগনিশন’ ব্যবস্থায় আপলোড করা ৩৫ লাখ ছবির সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না, তা স্পষ্ট নয়। অ্যামাজনের কার্যালয়ে ইসরায়েলি সেনাদের উপস্থিতি প্রতিষ্ঠানটির সঙ্গে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে এনেছে।
অ্যামাজনের এক মুখপাত্র বলেছেন, গ্রাহকেরা নিয়মিত বিভিন্ন বৈঠক ও আলোচনার জন্য তাদের কার্যালয়ে আসেন। ইসরায়েলি সেনাদের এই সফরও স্বাভাবিক গ্রাহক-সম্পর্কের অংশ ছিল বলে দাবি করেছেন তিনি।
অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ভিত্তি হলো ২০২১ সালে স্বাক্ষরিত ‘প্রজেক্ট নিম্বাস’ নামের একটি বড় চুক্তি। কয়েক বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় অ্যামাজন ও গুগল ইসরায়েল সরকারের বিভিন্ন দপ্তর এবং সামরিক বাহিনীকে ক্লাউড সেবা দিচ্ছে।
গত বছর দ্য গার্ডিয়ান প্রকাশ করেছিল, নিম্বাস চুক্তিতে এমন কিছু বিশেষ শর্ত রয়েছে, যার কারণে ইসরায়েলি সরকার বা সামরিক বাহিনী সেবার শর্ত লঙ্ঘন করলেও যুক্তরাষ্ট্রের এই দুই প্রযুক্তি প্রতিষ্ঠান একতরফাভাবে তাদের ক্লাউড সেবা বন্ধ বা সীমিত করতে পারবে না।
গত বছর ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারিতে ব্যবহৃত প্রযুক্তি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মাইক্রোসফট ইসরায়েলি সামরিক বাহিনীর প্রযুক্তি ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছিল। নিম্বাস চুক্তির শর্ত অ্যামাজন ও গুগলকে একই ধরনের পদক্ষেপ নেওয়া থেকে কার্যত বিরত রাখতে পারে।
নথি অনুযায়ী, ২০২৩ সালের শুরুর দিকে নিম্বাস চুক্তির অংশ হিসেবে ইসরায়েলে নতুন তথ্যকেন্দ্র চালু করে অ্যামাজন। এর ফলে ইসরায়েল সরকার ও সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগ নিজেদের সার্ভারে থাকা তথ্য অ্যামাজনের ক্লাউডে স্থানান্তর করতে পারে। এর আগে আয়ারল্যান্ডে অবস্থিত অ্যামাজনের তথ্যকেন্দ্র থেকেও বিপুল পরিমাণ তথ্য স্থানান্তর করা হয়েছিল।
চুক্তির গুরুত্বপূর্ণ একটি শর্ত ছিল, তেল আবিবে অ্যামাজনের তথ্যকেন্দ্রের একটি পৃথক ও সুরক্ষিত অংশে ইসরায়েলি সামরিক বাহিনীকে প্রবেশাধিকার দিতে হবে। সামরিক অভিযান ও গোয়েন্দা তথ্য সংগ্রহের সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত এই বিচ্ছিন্ন অংশকে অ্যামাজন ও তাদের গ্রাহক ‘ওয়ালড গার্ডেন’ বলে অভিহিত করেছে। সেখানে ডিজিটাল ও শারীরিক নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে।
যুদ্ধের প্রযুক্তিগত চাহিদা মেটাতে দ্রুত তথ্য সংরক্ষণ, বিপুল কম্পিউটিং ক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ব্যবহারের জন্য সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরতা বাড়িয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনি বেসামরিক মানুষকে দূর থেকে নজরদারি ও হত্যার বিষয় নিয়ে দ্য গার্ডিয়ান নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাজা’ প্রকাশের পর এ আলোচনা আরও জোরালো হয়েছে।

‘সবকিছু স্থানান্তরের পরিকল্পনা ছিল’
নথি অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনীর অ্যামাজন ক্লাউডের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাহক হলো ‘রোলিং স্টোন’ বিভাগ। ২০২৪ সালের শুরুর দিকে ৩৫ লাখ ছবি বিশ্লেষণে ‘রিকগনিশন’ ব্যবহারের আগেই অ্যামাজনের বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহার করে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের কার্যক্রম বাড়িয়েছিল বিভাগটি।
নথিতে দেখা যায়, ২০২৩ সালজুড়ে বিভাগটি নিজেদের বিপুল পরিমাণ তথ্য অ্যামাজনের ক্লাউডের ‘ওয়ালড গার্ডেন’ অংশে স্থানান্তর করেছে। এ কাজে যুক্ত ছিলেন, এমন এক সামরিক সূত্র জানিয়েছেন, সামরিক বাহিনীর নিজস্ব সার্ভারে থাকা সব তথ্যভান্ডার অ্যামাজনের ক্লাউডে স্থানান্তরের পরিকল্পনা ছিল তাদের।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন, ‘রোলিং স্টোনের পরিকল্পনা ছিল ছবি, ভিডিও, সব গোপন গোয়েন্দা তথ্য—সবকিছু স্থানান্তর করা।’
ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা সামরিক কার্যক্রমের প্রয়োজনীয়তা-সম্পর্কিত কোনো চুক্তি বা সেবা নিয়ে মন্তব্য করতে চান না।
‘রোলিং স্টোন’ বিভাগ ফিলিস্তিনিদের তথ্যসংবলিত একাধিক বড় তথ্যভান্ডার পরিচালনা করে। এর মধ্যে রয়েছে বিভাগটির নামের সঙ্গে সম্পর্কিত মূল তথ্যব্যবস্থা। কয়েক দশক ধরে ব্যবহৃত এই ব্যবস্থায় ফিলিস্তিনিদের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়, সম্পত্তির মালিকানা, তল্লাশিচৌকি পারাপারের তথ্য, কাজের অনুমতিপত্র এবং অপরাধসংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়। নিয়মিত এসব তথ্য হালনাগাদ করা হয়।
ইসরায়েলি বেসরকারি সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-কে ২০১৬ সালে দেওয়া এক সেনাসদস্যের সাক্ষ্যে ‘রোলিং স্টোন’ ব্যবস্থাকে এমন একটি কম্পিউটারভিত্তিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছিল, যেখানে ফিলিস্তিনি বেসামরিক জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায় রাখা হয়।
গাজা ও পশ্চিম তীরের জনসংখ্যা নিবন্ধনের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকায় ‘রোলিং স্টোন’ বিভাগ লাখ লাখ ফিলিস্তিনির ছবি সংগ্রহ করেছে। ১৬ বছর বয়সে প্রত্যেক বাসিন্দাকে যে পরিচয়পত্র দেওয়া হয়, সেসব পরিচয়পত্রের জন্য তোলা ছবিও এই তথ্যভান্ডারে রয়েছে।
বিভাগটির কার্যক্রম সম্পর্কে জানেন, এমন সূত্রগুলো জানিয়েছে, এসব ছবি নিয়মিত মুখ শনাক্তকরণ কর্মসূচিতে ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে ‘ব্লু উলফ’ নামের একটি মুঠোফোন অ্যাপ। পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা অ্যাপটি ব্যবহার করে ফিলিস্তিনিদের মুখ স্ক্যান করেন এবং তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য পান। কাউকে গ্রেপ্তারের জন্য সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে কি না, সে তথ্যও এতে দেখা যায়।
গাজায় স্থল অভিযান শুরুর পর স্থাপন করা অস্থায়ী ইসরায়েলি তল্লাশিচৌকিগুলোতেও ক্যামেরার মাধ্যমে ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করা হতো। পরে মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে তাদের ছবি ‘রোলিং স্টোন’ ব্যবস্থায় থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখা হতো বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
গাজায় এসব তল্লাশিচৌকি ব্যাপকভাবে আলোচিত হয়ে ওঠে। সেখানে অনেক ফিলিস্তিনিকে আলাদা করে আটক করা হতো। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠনের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের অনেককে ইসরায়েলি হেফাজতে নিয়ে দীর্ঘ সময় স্বজনদের সঙ্গে যোগাযোগহীন অবস্থায় রাখা হয়েছিল, যা গুমের শামিল।
নথিতে ইঙ্গিত পাওয়া যায়, ২০২৪ সালের বিভিন্ন সময়ে এসব তল্লাশিচৌকির কার্যক্রমে অ্যামাজনের ক্লাউড প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। সামরিক বাহিনীর ভেতরের সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনারা এসব তল্লাশিচৌকিকে হিব্রু ভাষায় ‘নাকাজ’ বলে ডাকতেন। শব্দটির অর্থ নিষ্কাশন বা পানি বের করার নালা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








