রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সভাপতির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি

আইনজীবী সমিতির সভাপতির মুক্তির দাবিতে এবং গ্রেফতারের প্রতিবাদে বরিশালে সকল আদালতের কার্যক্রম বর্জন করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল থেকে কোনো আদালতে আইনজীবীদের উপস্থিতি না থাকায় কার্যত স্থবির হয়ে পড়ে বিচারকার্য। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল থেকেই আইনজীবীরা আদালত চত্বরে জড়ো হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা অভিযোগ করেন, সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আরও কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকেও তারা ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। অবিলম্বে সভাপতির নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু বলেন, সরকারি কাজে বাধা ও দ্রুত বিচার আইনে দায়ের করা একটি সুনির্দিষ্ট মামলায় বুধবার বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, জামিন শুনানির আবেদন করলে আদালত আগামী ২ মার্চ পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

এদিকে আদালত বর্জনের ফলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেকেই দূর-দূরান্ত থেকে এসে আইনজীবীদের অনুপস্থিতিতে কার্যক্রম না হওয়ায় হতাশ হয়ে ফিরে যান। বিশেষ করে জামিন, হাজিরা ও জরুরি শুনানির জন্য আসা ব্যক্তিরা বেশি বিপাকে পড়েন।

উল্লেখ্য, গত সোমবার তালুকদার মোহাম্মদ ইউনুস-কে জামিন দেওয়াকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আদালত চলাকালে এ ঘটনায় অশোভন আচরণের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার করে পুলিশ।

বর্তমানে আদালত প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনজীবীদের কর্মসূচি চলমান থাকায় বিচার কার্যক্রমে দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.