কারণে-অকারণে সংসদ ওয়াকআউট না করতে বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সাথে সরকারি দল যেন তাদের (বিরোধীদল) সাথে সমঝোতার চেষ্টা করেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউজে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, সংসদ ওয়াকাআউট বিরোধীদলের অধিকার, একটি রাজনৈতিক চর্চা। কিন্তু দীর্ঘসময় সংসদ বয়কট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে, জানগণ অধিকার হারাবে।
তিনি বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছে তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখে। নয়তো বিদেশে যারা পালিয়ে আছে তারা ফিরে এসে দুঃশাসন কায়েম করবে। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ১৬ বছর। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না।
স্পিকার বলেন, গণতন্ত্র-মানবাধিকার তারা ঝেঁটিয়ে বিদায় করেছে। অবশেষে ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা আশা করবো আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না। কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করবে না।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার যেন সবসময়ে প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে। মানুষ যেন তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে, স্বৈরশাসন যেন ফিরে না আসে সেজন্য সকল দল ঐকমত্য থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









