চুয়াডাঙ্গার দর্শনায় ক্রসিংয়ের অপেক্ষায় আউটারে দাঁড়িয়ে থাকা খালি বিটিও ট্যাংকারবাহী ট্রেনের চালক ও তাঁর সহকারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে দর্শনার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকাসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।
জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকারবাহী (PSIK 6 DOWN) ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনা হল্ট স্টেশনের আউটারে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাঁদের দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর আহত অবস্থায় লোকোমাস্টাররা ট্রেনটি পার্শ্ববর্তী জীবননগরের উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। বর্তমানে ট্রেনটি সেখানে অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত লোকোমাস্টার নজরুল ইসলাম বলেন, ভোরে দর্শনা হল্ট স্টেশনের আগে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনের ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। এ সময় একদল দুর্বৃত্ত ইঞ্জিনে প্রবেশের চেষ্টা করে। দরজা বন্ধ থাকায় তারা কাচ ভেঙে ভেতরে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়। এতে তিনি ও তাঁর সহকারী আহত হন। পরে দুর্বৃত্তরা তাঁদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনের লুপ লাইনে রয়েছে। তাঁরা ঈশ্বরদীতে ফিরে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়েছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক এলে ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ঘটনার বিষয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন। তবে বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








